২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশেষ কমিটিতে যাচ্ছে ফিলিস্তিনের আবেদন

রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন বিশেষ কমিটিতে পাঠাতে বুধবার একমত হয়েছে নিরাপত্তা পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

জাতিসংঘ, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের আবেদন বিশেষ কমিটিতে পাঠাতে বুধবার একমত হয়েছে নিরাপত্তা পরিষদ। গত সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ আবেদন জমা দেওয়ার পর সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি নিয়ে প্রথম রুদ্ধদ্বার বৈঠক শেষে বুধবার আবার বৈঠক হয়েছে। আগামী দিনগুলোতে আবেদনটি পর্যালোচনা এবং বিচার-বিবেচনা করে দেখার জন্য বিশেষ কমিটিতে তা পাঠানোর সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। জাতিসংঘে নতুন সদস্যের স্বীকৃতিদান বিষয়ক এ স্ট্যান্ডিং কমিটিতে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যই রয়েছে। সদস্যপদের আবেদন পর্যালোচনায় কমিটির সময় লাগে সাধারনত ৩৫ দিন। তবে পশ্চিমা কূটনীতিকরা বলছেন, এ সময়ের হেরফের হতে পারে। ফিলিস্তিনের আবেদন বিবেচনায় আরো বেশি সময়ও লাগতে পারে। জাতিসংঘে ফিলিস্তিনের প্রধান প্রতিনিধি রিয়াদ মনসুর তাদের আবেদন কমিটিতে দেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, "এ প্রক্রিয়া ধাপে ধাপে এগুচ্ছে। নিরাপত্তা পরিষদ দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমাদের আবেদন অনুমোদন করবে বলেই আশা করি।" যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রবল বিরোধিতার মুখেও শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে পশ্চিম তীর ও গাজা নিয়ে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘে আবেদন জানান আব্বাস। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে বলছে, ফিলিস্তিন- ইসরায়েল শান্তি আলোচনার মাধ্যমেই কেবল এ বিষয়ের সুরাহা সম্ভব। জাতিসংঘে বর্তমানে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অন্তর্ভূক্ত ফিলিস্তিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১৩৬ঘ.