আঙ্কারা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñবিক্ষোভকারীদের ওপর সহিংস দমনপীড়ন বন্ধে প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে রাজি করাতে ব্যর্থ হয়ে সিরিয়া সরকারসহ বিভিন্ন খাতে নিষেধাজ্ঞা আরোপের তোড়জোড় শুরু করেছে তুরস্ক।
নিষেধাজ্ঞার তালিকা তৈরি করছে আঙ্কারা। আগামী কয়েকদিনের মধ্যেই এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হবে।
সিরিয়ায় ইতোমধ্যেই একসময়কার বন্ধুদেশ তুরস্কের অস্ত্র নিষেধাজ্ঞা রয়েছে।
নতুন নিষেধাজ্ঞার তালিকায় কি কি আছে সে সম্পর্কে বিস্তারিত কিছু না বলে তুর্কি সরকার জানায়, এসব নিষেধাজ্ঞা সিরিয়ার জনগণ নয়, আসাদ সরকারের ওপরই আরোপ করা হবে ।
নাম প্রকাশ না করার শর্তে তুর্কি কর্মকর্তারা জানান, আরো অনেক খাতের মধ্যে সামরিক, ব্যাংক ও জ্বালানি ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সিরিয়ার প্রধান বাণিজ্য অংশীদার তুরস্ক। দুই দেশের সীমান্তে নতুন করে আটটি ফটক খোলারও পরিকল্পনা ছিল।
তুরস্কের তথ্যসূত্রে বলা হয়েছে, ২০১০ সালে দু'দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য হয়েছে ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের। তাছাড়া, সিরিয়ায় তুর্কি কোম্পানিগুলোতে তুরস্কের বিনিয়োগ ২৬০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।
তুরস্কের বৈদেশিক নীতি বিষয়ক বিশেষজ্ঞ সেমিহ ইজ রয়টার্সকে বলেন, আসাদ সরকারের বিভিন্ন ব্যক্তির ওপর ব্যাংক ও ভ্রমণ নিষেধাজ্ঞার মতো অবরোধ আরোপ করা হবে।
কিন্তু এ হুমকির মুখেও সিরিয়া বুধবার দ্বিতীয় দিনের মতো রাস্তান শহরে আসাদের পক্ষ ত্যাগকারী সেনাদের ওপর ট্যাংকের গোলা হামলা চালিয়েছে। এতে এলাকার কয়েকটি ভবনে আগুন ধরে যায়।
আসাদ-বিরোধী যোদ্ধাদের সঙ্গে সশস্ত্র গ্রামবাসীরা মিলে অন্তত ১ হাজার জন সরকারি বাহিনীর ট্যাংক ও হেলিকপ্টার হামলা প্রতিহত করে রাস্তান শহর দখলের লড়াই চালিয়ে যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/২১০৭ঘ.
bdnews24