কায়রো, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- চলতি বছরের ২৮ নভেম্বর মিশরে পার্লামেন্ট নির্বাচন শুরু হবে। নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনাসূত্র এ খবর নিশ্চিত করেছে।
দেশটিতে প্রবল গণআন্দোলনের মুখে ৩০ বছরের শাসন ক্ষমতা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন হোসনি মুবারক। বর্তমান সেনা পরিষদ শাসিত সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের লক্ষ্যে নির্বাচনী এই রূপরেখা ঘোষণা করে।
ওই সেনাসূত্র জানায়, মিশরীয় পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্য নির্বাচনের লক্ষ্যে আগ্রহী প্রার্থীদের নাম তালিকাভুক্ত করার জন্য সেনাপরিষদ অধ্যাদেশ জারি করেছে। ১২ অক্টোবর থেকে প্রার্থীদের নাম গ্রহণ করা শুরু হবে।
রয়টার্সকে ওই সূত্র জানায়, "পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচন শুরু হবে ২৮ নভেম্বর এবং উচ্চকক্ষ বা সুরা কাউন্সিলের নির্বাচন শুরু হবে আগামী বছরের ২৯ জানুয়ারি। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের নাম ১২ অক্টোবর থেকে তালিকাভুক্তির জন্য গ্রহণ করা হবে।"
তিনি আরো বলেন, ইতোমধ্যে এ সম্পর্কিত অধ্যাদেশ জারি হয়েছে এবং তা গণমাধ্যমেও সরবরাহ করা হবে।
মিশরের বৃহত্তম ইসলামি গোষ্ঠী মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টি সেনা পরিষদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।
চলতি বছরের ফেব্র"য়ারিতে ১৯৮১ সাল থেকে মিশরের প্রেসিডেন্টের ক্ষমতা আঁকড়ে থাকা হোসনি মুবারকের পতন ঘটে। এরপর থেকেই দেশটির রাজনৈতিক দলগুলো সেনা পরিষদের ওপর দ্রুত নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিতে থাকে।
কিন্তু মুবারকবিরোধী আন্দোলনকারীরা পার্লামেন্ট নির্বাচনের এই দীর্ঘসূত্রিতার সমালোচনা করেছে। তারা দাবি জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের তারিখও নির্ধারণ করতে হবে।
রেভ্যুলিউশন ইয়ুথ কোয়ালিশনের জ্যেষ্ঠ সদস্য আবদেল রহমান বলেন, "নির্বাচনী এই প্রক্রিয়া অত্যন্ত দীর্ঘ। তারা শুধু পার্লামেন্ট নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কিন্তু ক্ষমতা হস্তান্তরের কোনো রূপরেখা দেয় নি।"
রেভ্যুলিউশন ইয়ুথ কোয়ালিশন আসন্ন ওই নির্বাচনে অংশ নেবে বলে পরিকল্পনা করছে।
মঙ্গলবার আল আরাবিয়া টেলিভিশন জানায়, ২০১২ সালের শেষ দিকে কিংবা ২০১৩ সালের শুরুর দিকে প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে বলে আশা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২১৯ ঘ.
bdnews24