লস এঞ্জেলেস, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-মৃত্যুর দুই বছর পর পপ সম্রাট মাইকেল জ্যাকসনের মৃত্যুর জন্য অভিযুক্ত চিকিৎসক কনরাড মারের বিচার শুরু হচ্ছে মঙ্গলবার।
দুই বছর আগে ২০০৯ সালের ২৫ জুন লস এঞ্জেলেসের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বিশ্বের জনপ্রিয় পপ তারকা মাইকেল জ্যাকসন। তার বয়স তখন ছিলো পঞ্চাশ বছর।
ব্যক্তিগত চিকিৎসক হিসাবে জ্যাকসনের দেখভাল করে আসছিলেন ডাঃ কনরাড মারে। মৃত্যু পরবর্তী তদন্তে দেখা যায়, চিকিৎসার সময় জ্যাকসনকে চেতনাশক প্রোপোফল ও সিডেটিভের অতিরিক্ত ডোজ দেওয়ার কারণেই তার মৃত্যু হয়।
আইনজীবীরা বলছেন, মাত্রাতিরিক্ত ডোজের প্রোপোফল দিয়ে জ্যাকসনের মৃত্যু ডেকে আনেন কনরাড, এসময় অসুস্থ জ্যাকসনের জন্য সঠিক ব্যবস্থা নিতেও ব্যর্থ হন তিনি।
তবে মারে তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। বিচারে দোষী সব্যস্ত হলে তার চার বছর পর্যন্ত কারদণ্ড হতে পারে।
জ্যাকসন বিভিন্ন ধরনের পেইনকিলারে আসক্ত ছিলেন এবং নিজেই মাত্রাতিরিক্ত ডোজের প্রোপোফল নিয়েছিলেন বলে আদালতে যুক্তি দেখানোর চেষ্টা নেবেন মারের পক্ষের আইনজীবীরা।
বিচারের সময় জ্যাকসনের বাবা-মা, তার বোন জ্যানেট ও লাটোয়া ও পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিচারকাজ চলবে অক্টোবরের শেষ নাগাদ। বিচারিক কার্যক্রম টেলিভিশনে সরাসরি স¤প্রচার করা হবে।
মৃত্যুর আগে নতুন একটি ধারাবাহিক সংগীতানুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছিলেন কিংবদন্তী এই সংগীত তারকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৭২৩ ঘ.
bdnews24