ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পশ্চিমা শক্তিগুলো 'সামগ্রিক বিশৃঙ্খলা' সৃষ্টি করে সিরিয়াকে ভাঙার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়ালেম। জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ অভিযোগ করেন।
নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সোমবার মুয়ালেম ভাষণ দেন বলে জানায় বিবিসি। ভাষণে তিনি সিরিয়ার সরকার বিরোধী আন্দোলন-বিক্ষোভের সাথে বিদেশিরা জড়িত বলে অভিযোগ করেন।
বিদেশি হস্তক্ষেপের কারণে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ঘোষিত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা যাচ্ছে না, বলেন তিনি।
সিরিয়ার বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীগুলোর বিদ্যমান ভারসাম্য নষ্ট করতে বিদেশি সরকারগুলো চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিদেশি গণমাধ্যমের উস্কানিমূলক প্রচারণা, ধর্মীয় উগ্রবাদীদের অর্থায়ন ও অস্ত্র সরবরাহের কারণেই তারা এসব অভিযোগ করতে বাধ্য হচ্ছেন বলে জানান মুয়ালেম।
অধিবেশনে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, "সামগ্রিক বিশৃঙ্খলা সৃষ্টি করে সিরিয়াকে বিভক্ত করা ছাড়া এ ধরনের অপতৎপরতার আর কি উদ্দেশ্য থাকতে পারে?"
সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সা¤প্রতিক আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার সমালোচনা করে তিনি বলেন, এতে সিরিয়ার সাধারণ মানুষের অধিকার ক্ষুণœ হচ্ছে ও তাদের জীবনযাত্রার স্বাভাবিকতা ব্যাহত হচ্ছে।
সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি সরকারবিরোধী আন্দোলন নিয়ন্ত্রণে কঠোর দমনাভিযান চালাচ্ছেন। জাতিসংঘের হিসাব অনুযায়ী সিরিয়ার সরকারি বাহিনীর দমনাভিযানে এ পর্যন্ত ২৭শ'রও বেশি লোক নিহত হয়েছে।
প্রেসিডেন্ট বাশার সব অভিযোগ অস্বীকার করেছেন ও বলেছেন তিনি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়া সরকারের কঠোর দমনাভিযানের নিন্দা জানিয়েছে। তবে বাশার সরকারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির বিষয়ে পরিষদ বিভক্ত হয়ে পড়েছে।
সিরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের আহ্বানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে চীন ও রাশিয়া এবং ভারত, ব্রাজিলের মতো অন্যান্য উঠতি বিশ্বশক্তি।
এদিকে, রোববার রাতে সিরিয়ার মধ্যাঞ্চলীয় হমস প্রদেশের আল রাস্তান শহরে সেনারা ট্যাংকের গোলা নিক্ষেপ করলে তিনিজন আহত হয় বলে জানিয়েছে আন্দোলনকারী ও স্থানীয় বাসিন্দারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২৫২ ঘ.
bdnews24