২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেসাটের আঘাতে ফিলিপাইনের জনজীবন বিপর্যস্ত

ফিলিপাইনে শক্তিশালী টাইফুন নেসাট আঘাত হেনেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। নেসাটের প্রভাবে দেশটির বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রাজধানী ম্যানিলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 05:52 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিপাইনে শক্তিশালী টাইফুন নেসাট আঘাত হেনেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির জনজীবন। নেসাটের প্রভাবে দেশটির বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। রাজধানী ম্যানিলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এবং সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় ইসাবেলা এবং অরোরা প্রদেশের উপকূলে টাইফুন নেসাট ঘন্টায় ১০৫ মাইল বেগে আঘাত হেনে লুজন দ্বীপের দিকে অগ্রসর হয়। লুসনে ফিলিপাইনের মোট জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষের বসবাস। বিবিসি জানায়, নেসাটের কারণে ফিলিপাইনের প্রধান পুঁজিবাজার বন্ধ রয়েছে। এ ছাড়া অনেক রাস্তায় আকস্মিক বন্যার কারণে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে বিমান চলাচল বন্ধ রয়েছে, অনেক ফ্লাইট ইতোমধ্যে বাতিল করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো অপ্রয়োজনী ভ্রমণ থেকে বিরত থাকতে জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে। রাজধানী ম্যানিলায় সরকারি প্রতিষ্ঠান, স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে। শহরটির অধিবাসীদের ঘরের ভেতরে অবস্থানের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। একটি শিশু নদীতে পড়ে যাওয়ায় মৃত্যুবরণ করেছে। এ ছাড়া চার জেলে এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা ৫০ জন জেলেকে উত্তাল সমুদ্র থেকে উদ্ধার করেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এরআগে টাইফুন আঘাত হানার পূর্বাভাসে ক্ষয়-ক্ষতি এড়াতে দেশটির মধ্যাঞ্চলীয় আলবে প্রদেশের বিভিন্ন শহর থেকে প্রায় ১ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। টাইফুন নেসাট ফিলিপাইনের পর বৃহস্পতিবার চীনের দক্ষিণাঞ্চলে সরে যাবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। দুই বছর আগে দেশটিতে ভয়াবহ টাইফুন ক্যাটসানার আঘাতে ৪শ'রও বেশি মানুষ নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৪৬ ঘ.