রামাল্লা, পশ্চিম তীর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পশ্চিম তীরে ইহুদি বসতি স¤প্রসারণ স্থগিত না করলে ইসরায়েলের সাথে কোন আলোচনা নয় বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। একমাসের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা শুরু করার জন্য বিশ্বের প্রভাবশালী চারটি পক্ষের আহ্বানের জবাবে তিনি একথা বলেন।
জাতিসংঘের বার্ষিক অধিবেশনে যোগদান শেষে রোববার দেশে ফিরলে আব্বাসকে বীরোচিত সংবর্ধনা দেয় ফিলিস্তিনি জনগণ।
পশ্চিম তীরের রামাল্লায় ফাতাহর দলীয় কার্যালয়ের সামনে উপস্থিত হাজার হাজার উৎফুল্ল ফিলিস্তিনির উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি ইহুদি বসতি স¤প্রসারণ স্থগিতের শর্ত ঘোষণা করেন। জনতা করতালির মাধ্যমে তার বক্তব্যকে স্বাগত জানায়।
ভাষণে আব্বাস বলেন, "আমরা সবাইকে নিশ্চিত করে বলেছি, শান্তিপূর্ণ উপায়েই আমাদের অধিকার অর্জন করতে চাই, আলাপ-আলোচনার মাধ্যমেই সমাধান চাই, তবে একটি মাত্র আলোচনার ভিত্তিতে নয়।"
"যতদিন বৈধতার ভিত্তি রচিত না হবে আর বসতি স¤প্রসারণ পুরোপুরি বন্ধ না হবে আমরা কোন আলোচনার প্রস্তাব গ্রহণ করবো না," বলেন তিনি।
এরআগে, ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু কোনো পূর্ব শর্ত ছাড়াই সরাসরি আলোচনা আবার শুরু করার আহ্বান জানান।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে প্রবল বিরোধিতা উপেক্ষা করে গত ২৩ সেপ্টেম্বর, শুক্রবার জাতিসংঘের বার্ষিক সাধারণ অধিবেশনে মাহামুদ আব্বাস ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘে আবেদন জানান। আবেদন করা থেকে আব্বাসকে বিরত রাখতে ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালায় যুক্তরাষ্ট্র-ইসরায়েল।
কিন্তু তাদের আহ্বান ও তৎপরতা উপেক্ষা করে আব্বাস আবেদন করেন।
আবেদনের জানানোর একদিন পরেই বিশ্বের প্রভাবশালী চারটি পক্ষ- জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ২০১২ সালের মধ্যে বিদ্যমান সমস্যা সমাধানের লক্ষ্যে একটি চুক্তিতে পৌঁছাতে একমাসের মধ্যে ইসরায়েল-ফিলিস্তিনকে সরাসরি আলোচনা শুরু করার আহ্বান জানান।
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে সরাসরি আলোচনা ২০১০ সালের সেপ্টেম্বর মাস থেকে বন্ধ আছে। সে সময় পশ্চিমতীরে ইহুদি বসতি স¤প্রসারণের প্রতিবাদে ফিলিস্তিনি প্রতিনিধিরা আলোচনার টেবিল ছেড়ে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩২০ ঘ.
bdnews24