ত্রিপোলি, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে একটি গণকবরের খোঁজ পাওয়া গেছে। ওই কবর থেকে এ পর্যন্ত ১২৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ১৯৯৬ সালে ত্রিপোলির আবু সালিম কারাগারে গাদ্দাফি বাহিনী ভয়াবহ গণহত্যা চালায়। লাশগুলো ওই হতভাগ্যদের বলেই নিশ্চিত হওয়া গেছে।
দেশটির বর্তমান অর্র্ন্তবতী সরকার রোববার এ কথা জানায়।
আবু সালিম কারাগারে গণহত্যার এটিই প্রথম প্রত্যক্ষ প্রমাণ। দীর্ঘদিন ধরেই এই গণহত্যার ঘটনা নিয়ে লিবীয় জনগণ ভেতরে ভেতরে ফুঁসছিল। যার ধারাবাহিকতায় চলতি বছরে দেশটিতে গণআন্দোলন শুরু হয়। পরবর্তী পর্যায়ে এটি গৃহযুদ্ধে রূপ নেয়। এরই জেরে ন্যাটোর সহায়তায় লিবিয়ার ৪২ বছরের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতা থেকে হঠানো সম্ভব হয়।
৪৫ বছর বয়সী সামি আল সাদি নামে একজন লিবীয় বলেন, "এই গণঅভ্যুত্থান সফল হওয়ায় আমি ভীষণ খুশি, এতে আমাদের দেশ আরো উন্নত হবে।"
সাদির দুই ভাই ওই গণহত্যাকাণ্ডের শিকার বলে ধারণা করা হয়। তিনি আরো বলেন, "যখন আমি এখানে দাঁড়াই তখন আমার নিহত ভাইদের কথা মনে পড়ে।"
ওই গণহত্যাকাণ্ড থেকে বেঁচে যাওয়া প্রত্যক্ষদর্শীরা মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছে জানান, কারাগারের দেয়াল ঘেরা খোলা চত্বরে বন্দিদের জড়ো করার পর সরকারি বাহিনী ছাদের ওপর থেকে কালাশেনিকভ (একে-৪৭) রাইফেল দিয়ে গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করার জন্য আহত বন্দিদের কাছ থেকে পিস্তল দিয়েও গুলি করা হয়।
আবু সালিম কারাগারের হত্যাকাণ্ডের সাথে গাদ্দাফির পতনের নিবিড় যোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডে নিহতদের আইনজীবীদের মুক্তির দাবিতে চলতি বছরের ফেব্র"য়ারিতে পূর্বাঞ্চলীয় শহর বেনগাজিতে প্রথম বিক্ষোভ হয়।
এদিকে, ত্রিপোলির পূর্বাঞ্চলীয় শহর সির্তের ওপর ন্যাটো বোমা হামলা চালাচ্ছে। অর্র্ন্তবতী সরকারের বাহিনী গাদ্দাফির জন্মশহর ও শক্ত ওই ঘাঁটিটি দখলে নেওয়ার চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩১ ঘ.
bdnews24