মস্কো/ওয়াশিংটন, ২৫ সেপ্টেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভ্লাদিমির পুতিন আবার রাশিয়ার প্রেসিডেন্ট হলে দিমিত্রি মেদভেদেভকে তার প্রধানমন্ত্রী করার পরিকল্পনার বিরোধিতা করেছেন অর্থমন্ত্রী অ্যাল্কোই কুদ্রিন।
পরবর্তী সরকারে আর দায়িত্ব পালন করবেন না বলে রোববার হুঁশিয়ারি দেন তিনি।
দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে প্রধানমন্ত্রী হওয়ার পর এখন আবার প্রেসিডেন্ট হিসেবে বিশ্ব রাজনীতিতে হাজির হতে যাচ্ছেন ভ্লাদিমির পুতিন।
পুতিনের সমর্থক কুদ্রিনের প্রধানমন্ত্রী হওয়ার উচ্চাকাঙ্খা রয়েছে এবং মেদেভেদেভের সঙ্গে তার বনিবনা নেই।
কুদ্রিন, বলেন, "নতুন সরকারে আমি থাকবো না।" ওয়াশিংটনে বৈশ্বিক নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠককালে এক মন্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরো বলেন, "ব্যাপারটি এই না যে কেউ আমাকে এ কাজে আমন্ত্রণ জানায়নি; আমার মনে হয় মেদভেদেভের সঙ্গে আমার যে মতভেদ আছে তাতে ওই সরকারে যোগ দেওয়া ঠিক হবে না।"
২০০৮ সালে অর্থনৈতিক মন্দার সময় রাজস্ব খাতে বিশ্বে বিনিয়োগকারীদের মন জয় করে কুদ্রিন রাশিয়া সংকটে হাল ধরেছিলেন।
আর সেকারণেই পুতিনের পরিকল্পনার বিরোধিতা করে কুদ্রিনের আগামী সরকারে যোগ না দেওয়ার হুমকিতে বিদেশি বিনিয়োগকারীরা উদ্বিগ্ন।
রাশিয়ার বিনিয়োগ ব্যবস্থাপক 'ভার্নো ক্যাপিটালে'র প্রধান কৌশল প্রণেতা রোলান্ড নাশ বলেছেন, "কুদ্রিন রাশিয়ার অর্থনীতিতে স্থিতিশীলতা এনে দিয়েছেন। তার বিদায়ে রাশিয়ায় বিনিয়োগ বড় ধরনের ধাক্কা খেতে পারে।"
তবে তিনি বলেন, "আমি মনে করিনা তিনি চলে যাচ্ছেন। এখনই তা ভাবা ঠিক হবে না। তিনি পুতিনেরও যেমন কাছের তেমনি মেদভেদেভেরও কাছের মানুষ। এটি সম্ভবত প্রধানমন্ত্রীত্ব নিয়ে দ্বন্দ্ব।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২০৪৩ঘ.
bdnews24