জাতিসংঘ, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফিলিস্তিনকে পূর্ণ সদস্য দেশের মর্যাদা দিয়ে ফিলিস্তিনিদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের দাবি মেনে নেওয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে দাঁড়িয়ে আব্বাস বলেন, "আরব বসন্তের এই দিনে- আরবের জনগণ যখন গণতন্ত্রের দাবিতে জেগে উঠেছে- ফিলিস্তিনিদের বসন্তের, তাদের স্বাধীনতার দাবি পূরণের এখনই সময়।"
এর আগে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে দেখা করে তার কাছে পূর্ণ সদস্যপদের জন্য আনুষ্ঠানিক আবেদন করেন আব্বাস।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২০ বছর ধরে 'মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা' চললেও তার ব্যর্থতা থেকেই ফিলিস্তিনের এই দাবি জাতিসংঘে উঠলো। অবশ্য যুক্তরাষ্ট্রের 'ভেটো' হুমকিতে জাতিসংঘে তাদের পূর্ণ সদস্য রাষ্ট্রের মর্যাদা পাওয়ার বিষয়টি অনেকটাই অনিশ্চিত।
অধিবেশনে আব্বাস বলেন, "আমার দেশের মানুষও অন্য সবার মতো স্বাভাবিক জীবন-যাপনের অধিকার চায়।"
"আমরা শান্তির জন্য ইসরায়েল সরকার ও সে দেশের জনগণের প্রতি হাত বাড়িয়ে রেখেছি। শান্তি আলোচনাতেও অংশ নিয়েছি। কিন্তু ইহুদি বসতি স্থাপন অব্যাহত থাকায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে", যোগ করেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট।
তিনি যখন জাতিসংঘে এই বক্তব্য দিচ্ছিলেন, তখন টেলিভিশনের বড় পর্দার সামনে দাঁড়িয়ে থাকা হাজার হাজার ফিলিস্তিনি উল্লাস করছিলো।
পশ্চিম তীরের রামাল্লার আকাশে ফিলিস্তিনের পতাকা ওড়ার সঙ্গে ভেসে আসছিলো 'ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আমরা সর্বস্ব উৎসর্গ করবো' ধ্বনি।
জাতিসংঘ অধিবেশনে উপস্থিত বিশ্ব নেতৃবৃন্দও দুই বার উঠে দাঁড়িয়ে মুহুর্মুহু করতালির মধ্য দিয়ে স্বাগত জানান আব্বাসের বক্তব্যকে।
ফিলিস্তিনকে জাতিসংঘের ১৯৪তম সদস্য করার দাবির যৌক্তিকতা তুলে ধরে আব্বাস বলেন, "আমাদের অঞ্চলে শান্তি অর্জনে- ফিলিস্তিনের জনগণের স্থায়ী, বৈধ জাতীয় অধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘের আরো কার্যকর ভূমিকার প্রতি তাকিয়ে আছি আমরা।"
তিনি দৃঢ় কণ্ঠে বলেন, "ইসরায়েল ইহুদি বসতি স্থাপন চালিয়ে গেলে দুদেশের মধ্যে একটি সমাধানে পৌঁছানোর সুযোগ ধ্বংস হবে। আর এই নীতি ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষকে খাটো করার পাশাপাশি এর টিকে থাকার জন্য হুমকি সৃষ্টি করবে।"
ফিলিস্তিনি জনগণ এর বিরুদ্ধে 'শান্তিপূর্ণ প্রতিরোধ' অব্যাহত রাখবে বলেও ঘোষণা দেন ইয়াসির আরাফাতের উত্তরসূরি।
দীর্ঘদিনের সংগ্রামের পথ ধরে ইয়াসির আরাফাতের নেতৃত্বে ১৯৭৪ এর নভেম্বরে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) নামে জাতিসংঘের পর্যবেক্ষকের স্বীকৃতি পায় ফিলিস্তিন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের সেই 'স্বপ্নকে' পূর্ণতা দেওয়ার দাবি নিয়ে এবার জাতিসংঘে আসেন মাহমুদ আব্বাস।
ইসরায়েলকে শান্তি প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আসুন আমরা একসঙ্গে আমাদের সন্তানদের জন্য এমন ভবিষ্যৎ গড়ে তুলি- যেখানে তারা স্বাধীনতা, নিরাপত্তা ও সমৃদ্ধির মধ্যে থাকতে পারে।
"তল্লাশি চৌকি ও বিচ্ছিন্নতার দেওয়ালের বদলে আসুন আমরা আলোচনার সেতুবন্ধন রচনা করি।"
অবশ্য তার এই শান্তির আহ্বান ইসরায়েল সরকারের অবস্থানে কোনো পরিবর্তন আনতে পারেনি।
আব্বাসের পর জাতিসংঘ অধিবেশনে বক্তৃতা দিতে দাঁড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, "ফিলিস্তিনিদের প্রথমে ইসরায়েলের সঙ্গে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। তারপর তারা রাষ্ট্র পাবে।"
তিনি দাবি করেন, আব্বাসের ভাষ্যমতো ফিলিস্তিনিরা শুধু তাদের 'প্রত্যাশা ও স্বপ্ন' নিয়ে বসে নেই।
"তাদের কাছে ইরানের সরবরাহ করা ১০ হাজার ক্ষেপণাস্ত্র ও গ্রাড রকেট রয়েছে।"
গত বছর এই জাতিসংঘেই এক বছরের মধ্যে ফিলিস্তিনিরা একটি 'রাষ্ট্র' পাবে বলে আশার কথা শুনিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। কিন্তু তার 'আন্তরিক' প্রচেষ্টার পরও গত এক বছর ধরে শান্তি আলোচনা বন্ধ থাকে। বুধবার জাসিংঘে দেওয়া ভাষণে এ বিষয়ে হতাশাও প্রকাশ করেন তিনি।
জাতিসংঘে স্বীকৃতিতে নয়, কেবল ইসরায়েলের সঙ্গে সমঝোতার মাধ্যমেই ফিলিস্তিনে শান্তি সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
জাতিসংঘে আনুষ্ঠানিক প্রস্তাব তোলার ব্যাপারে আব্বাসকে বিরত থাকার আহ্বান জানিয়ে ওবামা বলেন, "আমি নিশ্চিত যে, গত কয়েক দশক ধরে চলতে থাকা এই সংঘাত অবসানের কোনো ছোটো-খাটো পথ নেই।"
যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের দাবির বিপক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করবে বলে আগেই জানিয়ে রেখেছেন তিনি।
জাতিসংঘে স্বীকৃতি
নিয়ম অনুযায়ী, মাহমুদ আব্বাসের এই আবেদন অনুমোদনের জন্য নিরাপত্তা পরিষদে পাঠাবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সেখানে প্রস্তাবটি পাস হতে হলে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের মধ্যে নয় সদস্যের সমর্থন লাগবে। তবে এ পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের কেউ ভেটো দিলেই বিষয়টি আটকে যাবে।
নিরাপত্তা পরিষদে পাস হলে চূড়ান্ত অনুমোদনের জন্য সাধারণ পরিষদের দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন পেতে হবে ফিলিস্তিনকে।
নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের মধ্যে চীন ও রাশিয়া ইতোমধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে। অস্থায়ী সদস্য দেশের মধ্যে এ স্বীকৃতি দেওয়ার তালিকায় রয়েছে, বসনিয়া- হারজেগোভিনা, ব্রাজিল, গ্যাবন, ভারত, নাইজেরিয়া, লেবানন ও দক্ষিণ আফ্রিকা। জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩ সদস্যের মধ্যে ১২২টিই ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে।
ফিলিস্তিনিদের চাওয়া
১৯৬৭ সালের যুদ্ধ পূর্ববর্তী সীমান্ত অনুযায়ী পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা নিয়ে একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র চায় ফিলিস্তিনিরা। ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকে গাজা অবরোধ করে রেখেছে ইসরায়েল।
গত দুবছর ধরে কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে বিভিন্ন দেশের কাছে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি চোয়ে সফল হন ফিলিস্তিনি কর্মকর্তারা। এখন তারা জাতিসংঘে এ দাবি তুললেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/জেকে/০০৫৯ ঘ.
bdnews24