তিউনিস, সেপ্টেম্বর, ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রযটার্স)-লিবিয়ার অন্তর্বর্তী সরকার বাহিনীর হয়ে সির্ত শহরে ন্যাটো বিমান হামলায় বুধ ও বৃহস্পতিবার ১৫১ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম।
তবে গাদ্দাফির জন্মশহর সির্ত যোগযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় মুসার এ দাবির সত্যতা যাচাই করা যায়নি। ক্ষমতাসীন এনটিসি বাহিনী শহরটি অবরুদ্ধ করে রেখেছে।
ন্যাটোর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, তারা গত ৪৮ ঘণ্টায় সির্ত এ হামলা চালিয়েছেন। গাদ্দাফির একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
মুসা ইব্রাহিম এ হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার দাবি করে বলেন, "গতকাল এবং আজ সকালের মধ্যে গ্রাড রকেট এবং বোমা হামলায় ১৫১ জন তাদের বাড়িতেই নিহত হয়েছে।"
কিন্তু এ দাবি নাকচ করে ন্যাটো কর্মকর্তা বলেন, সামরিক লক্ষ্যস্থলেই হামলা করা হয়েছে। হামলার সময় ওই এলাকায় কোনো বেসামরিক নাগরিক থাকার আলামত পাওয়া যায়নি বলে জানান তিনি।
ইব্রাহিম বৃহস্পতিবার গোপন স্থান থেকে ন্যাটো হামলায় বেসামরিক নাগরিক নিহতের ওই দাবি জানান।
গত সপ্তাহেও তিনি একইধরনের দাবি করে বলেছিলেন, সির্ত এ একটি আবাসিক এলাকা এবং হোটেলে ন্যাটো হামলায় ৩৫৪ জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭৩১ ঘ.
bdnews24