ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুমতি না নিয়েই আত্মজীবনী প্রকাশ করার জন্য ব্রিটিশ প্রকাশনা সংস্থা ক্যাননগেটের সমালোচনা করেছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
বৃহস্পতিবার থেকে বইয়ের দোকানগুলো ও অনলাইনে অ্যাসাঞ্জের এই আত্মজীবনীগ্রন্থ পাওয়া যাবে বলে ক্যাননগেটের বরাত দিয়ে বিবিসি জানায়।
তবে অ্যাসাঞ্জ দাবি করেছেন, বইটির কাজ এখনো শেষ হয় নি, অনেক কিছুই যাচাই-বাছাই করা বাকি।
প্রকাশক অতিলাভের জন্য অননুমোদিত বইটি প্রকাশ করছেন বলে অভিযোগ করেছেন অ্যাসাঞ্জ।
এ বইটি লেখার জন্য একজন 'ঘোস্ট রাইটার'র সাথে অ্যাসাঞ্জ কাজ করছিলেন বলে জানিয়েছে ক্যাননগেট। তবে পরবর্তীতে এ বই নিয়ে করা চুক্তি থেকে সরে আসার জন্য মনঃস্থির করেন তিনি।
ক্যাননগেট বলছে, বইটি লেখার জন্য অ্যাসাঞ্জকে অগ্রিম ছয় অঙ্কের চেক দেওয়া হয়েছে। ওই চেক অ্যাসাঞ্জ ফেরত না দেওয়ায় গত মার্চে পাওয়া বইটির খসড়াটিকেই বই আকারে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/সিআর/১৫০০ ঘ.
bdnews24