রামাল্লাহ, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জাতিসংঘ সাধারন পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভে ফেটে পড়েছে ফিলিস্তিনিরা।
ওবামা জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদপ্রাপ্তির আবেদনের বিরোধিতা করায় তার মধ্যপ্রাচ্য নীতি নিয়ে ফিলিস্তিনিদের গভীর হতাশা ক্ষোভে রূপ নিয়েছে।
পশ্চিম তীরের রামাল্লাহর রাস্তায় বিক্ষোভে নেমেছে শ' শ' ফিলিস্তিনি। ওবামার বিরুদ্ধে স্লোগান দেয় তারা।
"ওবামার বক্তব্যে আমরা হতাশ। শুধু আমরাই না বিশ্বের অনেকেই হতাশ," বলেন, এক বিক্ষোভকারী।
"বাস্তবে আমাদের যখন তাদেরকে প্রয়োজন হয়, তখনই আমরা বিস্মিত হয়ে দেখি তারাই ফিলিস্তিন রাষ্ট্রের বিরুদ্ধে, ফিলিস্তিনের জনগণের ভাগ্যের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্রকারী।"
"প্রেসিডেন্ট যেই হোন না কেনো যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে আমাদের আর বিশ্বাস নেই। তাদের নীতি একই," বলেন আরেক বিক্ষোভকারী।
ফিলিস্তিনের জনগণের প্রতিক্রিয়া সম্পর্কে এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, "জনগণের হতাশা বাড়ছে। আর হতাশা সবসময়ই ক্ষোভ সঞ্চার করে।"
ওবামা বুধবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বলেছেন, জাতিসংঘে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পেলেই মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না। সমাধান হবে না ইসরায়েল-ফিলিস্তিনের দীর্ঘদিনের সংঘাত। এজন্য ইসরায়েল-ফিলিস্তিন আলোচনা প্রয়োজন।
কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়ে পূর্ণ সদস্যপদ দিতে জাতিসংঘে আবেদন করার ব্যাপারে অটল অবস্থান ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।
ওদিকে, ওবামা তাকে স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে, জাতিসংঘ সদস্য পদের জন্য ফিলিস্তিনের আবেদনে তিনি ভেটো দেবেন। আব্বাসকে এ পরিকল্পনা বাদও দিতে বলেছেন ওবামা।
আব্বাস এ বাধা উপেক্ষা করেই জাতিসংঘে প্রস্তাব তোলায় অনড়। ওবামার সঙ্গে বৈঠকেও তিনি তা জানিয়ে দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/২১৫৮ঘ.
bdnews24