ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে যোগ দেওয়ার কিছুদিনের মধ্যেই বিবাদে জড়ালেন ঔপন্যাসিক সালমান রুশদি। বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিনের সাথে বাহাসে লিপ্ত হয়েছেন বুকারজয়ী ওই লেখক।
দ্য টাইমস অব ইন্ডিয়া জানায়, বুধবার এক টুইটারবার্তায় রুশদির বিরুদ্ধে তসলিমা অভিযোগ করেন, তিনি (রুশদি) টুইটারে তার অনুসারী (ফলোয়ার) সংগ্রহের জন্য রীতিমত 'ভিক্ষা' করছেন এবং নারীদের পিছনে ছুটছেন।
তসলিমা লিখেন, "রুশদি প্রত্যেকের কাছেই তার অনুসারী হওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। মিলিয়ন অনুসারী না হলে তিনি খুব অস্বস্থি বোধ করবেন।"
তসলিমা আরো লিখেন, "সালমান রুশদির ব্যাপারে সতর্ক হোন। তিনি বালিকাদের তার ভোগের পরিধিতে পেতে চাইছেন।"
তসলিমার এই টুইটবার্তাটি ব্যাপক সাড়া পেয়েছে। তাদের কারো কারো মন্তব্যের জবাবও দিয়েছেন তিনি।
বেশ কয়েকঘণ্টা পর রুশদির জবাব পাওয়া যায়। রুশদি লিখেন "দূর থেকে আমি তসলিমা নাসরিনের হিংসুটে মিয়্যাও শুনতে পেলাম। তিনি আমার বিরুদ্ধে বিদ্বেষ প্রকাশ করেছেন। টুট, টুট, তসলিমা। শেম, লজ্জা।"
রুশদির এই বার্তার জবাবে তসলিমা লিখেন, "বড় লেখকের বড় মন থাকা উচিৎ। হিংসা করার মতো কোনোকিছু ঘটে নি। এটি লেখালেখি সম্পর্কিত কোনোকিছু ছিল না, ছিল 'ভোগাকাঙ্খা' বিষয়ে।"
রুশদি ও তসলিমা দুজনেই ইসলামি মৌলবাদীদের শিকার। একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন দুজনেই।
এমন কি তসলিমাকে কখনো কখনো নারী রুশদিও বলা হয়ে থাকে। রুশদি নিজেও ১৯৯৪ সালে বাংলাদেশে তসলিমার বসবাসের অধিকারের পক্ষে সমর্থন দিয়েছেন।
টুইটারে রুশদির অনুসারী ২২ হাজার আর তসলিমান অনুসারী ১৬ হাজার।
এখন দেখার বিষয় লেখার বাইরেও নানা ঘটনার জন্ম দিয়ে আলোচিত-সমালোচিত হয়ে ওঠা দুই ঔপন্যাসিকের 'টুইট ফাইট' কোথায় গিয়ে ঠেকে।
রুশদি সেপ্টেম্বরের ১৫ তারিখ টুইটারে অন্তর্ভুক্ত হন। তবে প্রাথমিকভাবে টুইটারের এই অ্যাকাউন্টটি রুশদিরই নাকি অজ্ঞাত কেউ পরিচালনা করছে এ বিষয়টি নিয়ে সন্দেহ ছিল। মঙ্গলবার নিশ্চিত হয় যে, এটি রুশদিরই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০৫০ ঘ.
bdnews24