জাতিসংঘ, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বুধবার জাতিসংঘ সাধারন পরিষদে বলেছেন, জাতিসংঘের স্বীকৃতি দিয়ে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে না।
এর মধ্য দিয়ে ফিলিস্তিন রাষ্ট্রের দাবি নিয়ে সংকট কাটানোর পাশাপাশি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতি অক্ষুন্ন রাখার চেষ্টা নিয়েছেন তিনি।
ওবামা বলেন, ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র পাওয়ার অধিকার আছে। কিন্তু তা কেবলমাত্র ইসরায়েল-ফিলিস্তিন আলোচনার মধ্য দিয়েই অর্জন করা যেতে পারে।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী ভাষণে ওবামা শান্তি আলোচনা নতুন করে শুরু করার জন্য ইসরায়েল-ফিলিস্তিনকে চাপ দেন।
তিনি বলেন, "জাতিসংঘে প্রস্তাবনা পাশ করে কিংবা বিবৃতি দিয়ে শান্তি আসবে না। শান্তির কোনো সংক্ষিপ্ত পথ নেই।"
দশকের পর দশক ধরে চলা সংঘাত চটজলদি শেষ হওয়ার নয় উল্লেখ করে তিনি বলেন, " শান্তির জন্য কঠোর পরিশ্রম দরকার।"
অধিবেশনের ফাঁকে হোয়াইট হাউসে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে ওবামার।
আব্বাস শুক্রবারই জাতিসংঘ মহাসচিব বান কিমুনের কাছে পূর্ণ জাতিসংঘ পদের জন্য আবেদন করার সিদ্ধান্তে অটল রয়েছেন।
এ পদক্ষেপকে অল্প সময়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পথে এগুনোর একমাত্র পথ হিসাবেই দেখছে ফিলিস্তিনিরা। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলছে, কেবলমাত্র সরাসরি আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে।
কিন্তু আব্বাস সোমবার বানকে বলেন, ফিলিস্তিন রাষ্ট্রের জন্য জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভে শুক্রবার নিরাপত্তা পরিষদের ভোটের জন্য চাপ দেবেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০০ঘ.
bdnews24