টোকিও, সেপ্টেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--জাপান বুধবার শক্তিশালী টাইফুন রোক এর কবলে পড়েছে। প্রচণ্ড বৃষ্টি ও বন্যায় প্রাণহানি ঘটেছে ৪ জনের। বিপর্যস্ত হয়ে পড়েছে পরিবহণ ব্যবস্থা।
ঘণ্টায় ২২০ কিলোমিটার বেগে বয়ে যাচ্ছে টাইফুন রোক। ধেয়ে যাচ্ছে সুনামি বিধ্বস্ত ফুকুশিমা পরমাণু কেন্দ্রের দিকে। যেখানে গত মার্চের ভূমিকম্প পরবর্তী সুনামির পর ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ন্ত্রণে আনার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন প্রকৌশলীরা।
প্রচণ্ড বৃষ্টির কারণে তেজস্ক্রিয় পানি সাগরে মিশে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। টাইফুন রোকের প্রভাবে গত ২৪ ঘণ্টায় জাপানের পূর্ব ও পশ্চিাঞ্চলের বিভিন্ন জায়গায় ৪০ সেন্টিমিটারেরও (১৬ ইঞ্চি) বেশি পানি জমে গেছে।
টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি এলাকায় বিদ্যুৎহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্ধ হয়ে গেছে টয়োটা মটর কর্পোরেশসহ নিশান মটর এবং মিৎসুবিসি হ্যাভি ইন্ডাসট্রিজ এর কার্যক্রম।
টোকিও থেকে ২শ কিলোমিটার পশ্চিমে হামামাৎসুর কাছে স্থানীয় সময় দুপুর ২ টায় আঘাত হানে রোক। সাগরের জলোচ্ছ্বাস আছড়ে পড়ে উপকূলে। বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ও যাতায়াত ব্যবস্থা।
জাপানজুড়ে ১০ লাখেরও বেশি মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতোমধ্যেই। কিন্তু ৩ লাখেরও বেশি শানুষ এখনো ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে বিবিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৮৩২ঘ.
bdnews24