বানি ওয়ালিদ, লিবিয়া (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লিবিয়ার বিদ্রোহী পক্ষের ১৭ জন বিদেশি ভাড়াটে সেনা পাকড়াও হয়েছে বলে সোমবার দাবি করেছে পলাতক নেতা মুয়াম্মার গাদ্দাফির অনুগতরা।
এদের মধ্যে কয়েকজন ব্রিটেন এবং ফ্রান্সের বলে দাবি করেছেন গাদ্দাফির মুখপাত্র মুসা ইব্রাহিম। তবে এর সত্যতা যাচাই করা যায়নি।
লিবিয়ার নতুন শাসকগোষ্ঠী যুদ্ধক্ষেত্রে বিরূপ পরিস্থিতি এবং রাজনৈতিক মঞ্চেও অস্থিতিশীল পরিস্থিতিতে থাকার মধ্যে ভাড়াটে সেনা আটকের এ খবর এলো
গাদ্দাফির সমর্থক সিরিয়াভিত্তিক 'আরাই টেলিভিশনে মুসা ইব্রাহিম বলেন, "বানি ওয়ালিদে ১৭ ভাড়াটে সেনার একটি দল ধরা পড়েছে।"
"এদের মধ্যে প্রযুক্তিগত বিশেষজ্ঞ ও বিশেষজ্ঞ কর্মকর্তা রয়েছেন। তাদের বেশির ভাগই ফ্রান্সের এবং একজন এশিয়ার কোনো দেশের, দুই জন ইংরেজ এবং একজন কাতারের।"
তবে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রণালয় এ ব্যাপারে তাদের কাছে কোনো খবর নেই বলে জানিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় ভাড়াটে সেনা আটক হওয়ার খবর সম্পর্কে ওয়াকিবহাল বলে জানালেও বলেছে, এর বস্তুনিষ্ঠতা যাচাই করা যায়নি।
অন্যদিকে, এ খবর সম্পর্কে মন্তব্যের জন্য কাতারের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
গাদ্দাফি লাপাত্তা হওয়ার এক মাস পরও বানি ওয়ালিদ শহরে গাদ্দাফি অনুগতদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে ন্যাশনাল ট্রান্সিশনাল কাউন্সিল (এনটিসি) অনুগত বাহিনী এবং গাদ্দাফির জন্মশহর সির্তে দখলের চেষ্টায় আছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১২৬ঘ.
bdnews24