২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন সরকার গঠনে ব্যর্থ লিবিয়া

লিবিয়ার অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) নেতারা নতুন সরকার গঠনে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হয়েছেন। ওদিকে, তাদের অনুগত বাহিনী গাদ্দাফি অনুগতদের সঙ্গে যুদ্ধে বিফল হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2011, 10:02 AM

Updated : 24 Aug 2022, 04:02 PM

বেনগাজি/বানি ওয়ালিদ, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লিবিয়ার অন্তর্বর্তী পরিষদের (এনটিসি) নেতারা নতুন সরকার গঠনে ঐকমত্যে পৌঁছতে ব্যর্থ হয়েছেন। ওদিকে, তাদের অনুগত বাহিনী গাদ্দাফি অনুগতদের সঙ্গে যুদ্ধে বিফল হচ্ছে। লিবিয়ার সাবেক বিদ্রোহীদের নির্বাহী কমিটি বা মন্ত্রিসভা গত অগাস্ট মাসে বিলুপ্ত করা হয়। প্রতিরক্ষার ও স্বরাষ্ট্র বিষয়ক কর্মকর্তাদের নিয়োগ দিতে রোববার অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মাহমুদ জিবরিলের নতুন একটি নির্বাহী পরিষদ গঠন করার কথা ছিল। কিন্তু জিবরিলের প্রস্তাব অন্তর্বর্তী পরিষদের সব সদস্যের সমর্থন না পাওয়ায় নতুন পরিষদ গঠনের আলোচনা ভেঙে যায়। এরপর এক সংবাদ সম্মেলনে দোভাষীর মাধ্যমে জিবরিল জানান, "নতুন মন্ত্রিসভা গঠনের জন্য আমরা অন্তর্বর্তী জাতীয় পরিষদের সদস্যদের সঙ্গে পরামর্শ বৈঠক করেছি। এতে অনেকগুলো মন্ত্রীপদের ব্যাপারে আমরা একমত হয়েছি। আরো কতকগুলো মন্ত্রীপদ নিয়ে আরো আলোচনা করতে হবে।" যে মন্ত্রীদের নিয়োগ দেওয়া হবে তাদের নামের তালিকা এখনও পাওয়া যায়নি। তবে বৈঠক সংশ্লিষ্ট কয়েকজন জানিয়েছেন, পরামর্শ সভায় জিবরিলের মন্ত্রীত্ব নিয়েই বিতর্ক সৃষ্টি হয়। সভায় অন্তর্বর্তী সরকার গঠন নিয়েও অনেক সদস্য দ্বিমত পোষণ করে বলে জানা যায়। তাদের বক্তব্য হলো, গাদ্দাফিকে আটক করে তার অনুগতদের পরাজিত করার পর দেশ 'স্বাধীন' হলে তারপর সরকার গঠন করা যুক্তিযুক্ত হবে। এনটিসি লিবিয়ার জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন ও 'স্বাধীনতা' ঘোষণার ২০ মাসের মধ্যে দেশটিতে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা তথা 'রোডম্যাপ' তৈরি করেছে । "স্বাধীনতা" ঘোষণার আগে গাদ্দাফির দখলে থাকা তিনটি গুরুত্বপূর্ণ শহর অবশ্যই এনটিসি বাহিনীকে দখল করতে হবে। কিন্তু তারা বানি ওয়ালিদে হামলা চালিয়ে ব্যর্থ হয়েছে এবং গাদ্দাফি অনুগত বাহিনীর পাল্টা হামলায় যুদ্ধক্ষেত্র থেকে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেছে। আর গাদ্দাফির জন্ম শহর সির্তে হামলা করে সেখানেও ব্যর্থ হয়ে ফিরে গেছে। চলমান রাজনৈতিক ও সামরিক ব্যর্থতায় লিবিয়ার স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা সুদূরপরাহত বলেই মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এলকিউ/১৫৫৭ঘ.