ঢাকা, সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রোববারের ৬ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ভারত, নেপাল ও তিব্বত মিলে অন্তত ৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে শতাধিক মানুষ।
ভারতে নিহত হয় ৪২ জন, নেপালে পাঁচজন এবং তিব্বতে ৭ জন।
ভারতের সিকিমে দুই সেনাসদস্যসহ ৩৫ জন নিহত এবং আহত হয় অনেকে। বিহারে দুজন ও পশ্চিবঙ্গে ৫ জন নিহত হয়। নেপালে পাঁচজনের তিনজন মারা যায় রাজধানী কাঠমান্ডুতে।
ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিংকে ফোন করে সাহায্যের আশ্বাস দিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জরুরি বৈঠক ডাকতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন মনমোহন।
রয়টার্স জানায়, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জয়েন্ট সেক্রেটারী সুজাতা সুনীল বলেছেন, "ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনই কিছু বলা যাচ্ছে না। আমরা সিকিম সরকারের সঙ্গে যোগাযোগ করে তাদের কোনো সাহায্য প্রয়োজন কিনা তা জানতে চেষ্টা করছি।"
ভারতের ভূতত্ত্ব বিভাগের কলকাতা ইউনিটের পরিচালক জি সি দেবনাথ বলেন, "ভূমিকম্পটি শক্তিশালী হলেও মাঝারি ধরনের হওয়ায় খুব বেশি ক্ষয়ক্ষতি হবে না বলেই আমরা ধারণা করছি। তবে ভূমিকম্পের আরো কয়েকটি পরাঘাত হতে পারে।"
উত্তর সিকিমের পেগং এলাকায় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) দুটি ভবন ভূমিকম্পে ধসে পড়েছে বলে টাইমস অব ইন্ডিয়াকে জানান এক ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে হতাহতের কোনো খবর তিনি জানাতে পারেননি।
পেগং থেকে ১৫ জন বিদেশি পর্যটক ও দেড়শ গ্রামবাসীকে উদ্ধার করে ব্যাটালিয়ন সদর দপ্তরে সরিয়ে নিয়েছে আইটিবিপি।
ভূমিকম্পে বিদ্যুৎহীন হয়ে পড়ে গ্যাংটক ও দার্জিলিং। বিদ্যুৎ না থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হয়।
কাঠমান্ডুতে নিহতদের তিনজন মারা যান লাইনচাউরে যুক্তরাজ্য দূতাবাসের দেয়াল ভেঙে পড়ে। নিহতদের দুজন একই পরিবারের (বাবা ও মেয়ে)। এ ঘটনায় আহত হন একজন। বাকি দুজন মারা যান নেপালের পূর্বাঞ্চলে শরণ মিউনিসিপ্যালিটি এলাকায়। স্থানটি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি।
কাঠমান্ডুতে অন্তত ২৭ জন আহত হয়। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে হুড়োহুড়ি করে বেরুনোর সময় তারা আহত হন।
ভূমিকম্পে সিকিমে বেশ কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। রাজ্যের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন হয়েছে টেলিফোন ও বিদ্যুৎ সংযোগ।
ভূমিকম্পে প্রকম্পিত হয় ভারতের উত্তর-পূর্বাঞ্চল। লক্ষেèৗ, পাটনা, কলকাতা, নয়াদিল্লিসহ কয়েকটি জায়গায় ভূমিকম্প অনুভূত হয়।
রোববার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে সিকিমের মণিপাল বিশ্ববিদ্যালয় ভবনসহ কয়েকটি ভবনেও ফাটল দেখা দিয়েছে।
একই সময়ে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানেও ভূকম্পন হয়। লোকজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে।
এ ভূমিকম্পের কেন্দ্র ছিল সিকিম-নেপাল সীমান্তের মঙ্গম ও সাক্যং নামক স্থানে যার দূরত্ব গ্যাংটক থেকে ৫০ কিলোমিটারের বেশি। কেন্দ্রস্থলটি ভারতের শিলিগুড়ি থেকে ৬৯ কিলোমিটার উত্তর উত্তর-পশ্চিমে, নেপালের নামচে বাজার থেকে ১৩৩ কিলোমিটার পূর্বে এবং ভূটানের থিম্পু থেকে ১৬৬ কিলোমিটার পশ্চিমে।
এনডিটিভি বলেছে, শক্তিশালী ওই ভূমিকম্পের পরপরই ৫ দশমিক ৭, ৫ দশমিক ১ এবং ৪ দশমিক ৬ মাত্রার ৩টি পরাঘাত অনূভূত হয়েছে।
হরিয়ানায় কয়েকদিন আগে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের পর সিকিমে নতুন করে এ ভূমিকম্প হলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/পিডি/এলকিউ/১৬১৬ ঘ.
bdnews24