২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-উত্তর কোরিয়া আঁতাত নিয়ে সংশয়ে পশ্চিমা বিশ্ব

ইরান ও উত্তর কোরিয়া গোপনে পরমাণু প্রযুক্তি আদান প্রদান করছে যা পারমাণবিক বোমা তৈরির কাজে লাগানো হতে পারে বলে সন্দিহান পশ্চিমা দেশগুলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ভিয়েনা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরান ও উত্তর কোরিয়া গোপনে পরমাণু প্রযুক্তি আদান প্রদান করছে যা পারমাণবিক বোমা তৈরির কাজে লাগানো হতে পারে বলে সন্দিহান পশ্চিমা দেশগুলো। 'কার্নেগি এন্ডোমেন্ট ফর পিস' বিশেষজ্ঞ মার্ক হিবস বলেন, "এমন সম্পর্ক ইরান ও উত্তর কোরিয়া দু'দেশের জন্যই যৌক্তিক এবং লাভজনক।" উত্তর কোরিয়া নিষিদ্ধ পরমাণু প্রযুক্তি ইরান, লিবিয়া ও মিয়ানমারে সরবরাহ করেছে বলে গত বছর জাতিসংঘের এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়। ওদিকে, গতমাসে জার্মানির সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া সহযোগিতা বাড়াতে ইরানকে একটি কম্পিউটার প্রোগ্রাম দিয়েছে যা পরমাণু অস্ত্র তৈরিতে তেহরানের জন্য সহায়ক হবে। হিবস বলেন, "এ ধরনের খবর এবং গুজব আছে। কিন্তু ইরান, উত্তর কোরিয়া কিংবা আন্তর্জাতিক আণবিক সংস্থা (আইএইএ) তা অস্বীকার করেনি। ফলে এতে করে উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে পরমাণু সহযোগিতারই আভাস পাওয়া যায়।" অগাস্টে প্রকাশিত জার্মানির মিউনিখ থেকে প্রকাশিত সংবাদপত্রের ওই প্রতিবেদনে পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে জানানো হয়, উত্তর কোরিয়া নিউট্রন প্রবাহ বাড়াতে পারে এমন একটি কম্পিউটার সফটওয়্যার ইরানকে সরবরাহ করেছে। সফটওয়্যারটি মূলত যুক্তরাষ্ট্রে তৈরি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৭২৫ঘ.