২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চল্লিশ বছরে গ্র্রিনপিস

পৃথিবীকে বাসযোগ্য রাখার আন্দোলনে চার দশক পূর্ণ করলো পরিবেশবাদী সংগঠন গ্রিসপিস। শনিবার জন্মস্থান কানাডার ভ্যাঙ্কুভারে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2011, 09:12 AM

Updated : 24 Aug 2022, 04:01 PM

ভ্যাঙ্কুভার, ব্রিটিশ কলম্বিয়া, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পৃথিবীকে বাসযোগ্য রাখার আন্দোলনে চার দশক পূর্ণ করলো পরিবেশবাদী সংগঠন গ্রিসপিস। শনিবার জন্মস্থান কানাডার ভ্যাঙ্কুভারে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সংগঠনটির সদস্যরা। বিশেষ এ দিনটিতে আরো কার্যকরভাবে পরিবেশ রক্ষার জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছে গ্রিনপিস । দিবসটি উপলক্ষ্যে প্রতিবাদী ব্যানার নির্মাণ কর্মশালা ও রাবার বোট ভ্রমণের আয়োজন করে গ্রিনপিস কর্মীরা। জোডিয়াক বোট নামে পরিচিত এই বিশেষ নৌযান খুব গুরুত্বপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে ব্যবহার করে গ্রিনপিসের কর্মীরা। কানাডার ভূমিকার সমালোচনা করে ব্রিটিশ কলম্বিয়া গ্রিনপিসের ভারপ্রাপ্ত পরিচালক জেসিকা উইলসন বলেন, "জলবায়ু পরির্বর্তন রোধে যেসব দেশ কাজ করে কানাডা সক্রিয়ভাবে তাদের বিরোধিতা করছে। কানাডার এ ভূমিকা মানুষ পছন্দ করে না।" ১৯৭০ এর দশকের শুরুতে ভ্যাঙ্কুভার শান্তি আন্দোলন ও পরমাণুবিরোধী আন্দোলন থেকে যাত্রা শুরু করে পরিবেশবাদী আন্তর্জাতিক সংগঠন গ্রিনপিস। ২০১০ সালে সংগঠনটির বার্ষিক বাজেট ছিল ত্রিশ কোটি ডলারেরও বেশি। ১৯৭১ সালের ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ভূগর্ভে হাইড্রোজেন বোমার পরীক্ষা চালালে একটি জাহাজ ভাড়া করে প্রতিবাদ কর্মসূচি পরিচালনা করে গ্রিনপিসের উদ্যেক্তারা। ভ্যাঙ্কুভার থেকে আর্কটিক মহাসাগর পর্যন্ত পরিচালিত ওই কর্মসূচিতে জাহাজটির নাম পাল্টে রাখা হয় 'গ্রিনপিস'। পরে ওই নামেই সংগঠনটি বিশ্বব্যাপী পরিচিতি পায়। পরে তিমি শিকার, বিষাক্ত বর্জ্য এবং পারমাণবিক শক্তির ব্যবহার রোধেও আন্দোলন গড়ে তোলে সংগঠনটি। ১৯৮৫ সালে ওশেনিয়া অঞ্চলে ভূগর্ভে ফ্রান্সের পরমাণু বোমা পরীক্ষার বিরুদ্ধে আন্দোলন চলাকালে নিউজিল্যান্ডের অকল্যান্ডে গ্রিনপিসের একটি জাহাজ ডুবিয়ে দেয় ফরাসী বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এবি/জেকে/১৫০৫ ঘ.