আবুজা, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ উগ্র ইসলামপন্থী একটি গোষ্ঠীর সন্দেহভাজন চার সদস্যের বিরুদ্ধে নাইজেরিয়ার রাজধানী আবুজায় জাতিসংঘ সদরদপ্তরে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তাদের মৃত্যুদণ্ড হতে পারে।
অভিযুক্তরা নাইজেরিয়ার কট্টর ইসলামপন্থী বোকো হারাম গোষ্ঠীর সদস্য বলে সন্দেহ কর্তৃপক্ষের।
গত মাসে আবুজায় জাতিসংঘ সদরদপ্তরে আত্মঘাতী হামলায় অন্তত ২৩ জন নিহত ও শতাধিক মানুষ আহত হয়।
শুক্রবার ওই চার জনসহ ১৯ জনকে আবুজার এক ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। বাকিদের বিরুদ্ধে নাইজেরিয়ায় বিভিন্ন সময়ে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
আদালতে সরকারি আইন কর্মকর্তারা বলেন, "সালিসু মোহাম্মেদ, মুসা মুকাইলু, দানজুমি হারুনা ও আব্দুসালামি আদামু আপনারা হামলার পরিকল্পনা করে গাড়ি ভর্তি বিস্ফোরক দিয়ে একজনকে পাঠিয়েছিলেন। তিনি জোরপূর্বক আবুজার জাতিসংঘ হাউজে প্রবেশ করে বিস্ফোরণ ঘটিয়েছিলেন। তাতে ২৫ জন নিহত হয়েছিলো।"
মামলাটি বিচারিক ক্ষমতার মধ্যে নেই উল্লেখ করে ৩ নভেম্বর শুনানির জন্য তা 'ফেডারেল হাই কোর্টে' পাঠায় ওই আদালত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/২৩৪৩ ঘ.
bdnews24