ইয়ালা, থাইল্যান্ড, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ থাইল্যান্ডের মালয়েশিয়া সীমান্তের কাছে পৃথক তিনটি বোমা বিস্ফোরণে তিনজন নিহত ও ষাটজন আহত হয়েছে। অন্য একটি ঘটনায় একটি মসজিদে সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিবর্ষণে নিহত হয়েছে আরো দুইজন ।
দক্ষিণ থাইল্যান্ডের নারাথিওয়াট প্রদেশের সানগাই কোলোক জেলার একটি সীমান্ত শহরে শুক্রবার বিস্ফোরণের ঘটনাগুলো ঘটে। আর গুলিবর্ষণের ঘটনাটি ঘটে ইয়ালা প্রদেশে।
পুলিশ জানিয়েছে, নৃতাত্ত্বিক চীনাদের একটি সংস্থার কার্যালয়ের বাইরে মোটরবাইকে লুকিয়ে রাখা একটি বোমা প্রথম বিস্ফোরিত হয়। এর পরপরই ওই শহরের দুটি আবাসিক হোটেলের বাইরে একটি ব্যস্ত রাস্তায় মোটরবাইকে লুকিয়ে রাখা আরেকটি বোমা ও গাড়িতে লুকিয়ে রাখা অপর একটি বোমার বিস্ফোরণ ঘটে।
নিহতদের মধ্যে মালয়েশিয়ান এক পর্যটক রয়েছে বলে পুলিশ জানায়।
এ ঘটনার ঘন্টাখানেক আগে ইয়ালা প্রদেশের একটি মসজিদে সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে পুলিশের এক কর্মকর্তা ও এক প্রতিরক্ষা স্বেচ্ছাসেবী নিহত হন। চার মুসলিম বিচ্ছিন্নতাবাদী শতাধিক প্রত্যক্ষদর্শী মুসুল্লির সামনেই তাদের হত্যা করে বলে পুলিশ জানায়।
দক্ষিণ থাইল্যান্ডের তিনটি প্রদেশ ইয়ালা, পাত্তানি ও নারাথিওয়াটে নৃতাত্ত্বিক মালয় মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। প্রদেশ তিনটিতে মুসলিম বিদ্রোহীদের হামলায় ২০০৬ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৪ হাজার ৮শ' জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫০৯ ঘ.
bdnews24