২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় আবার দমনাভিযানে নিহত ২০

সিরিয়ায় শুক্রবার নতুন করে সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Sep 2011, 02:57 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

আম্মান, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সিরিয়ায় শুক্রবার নতুন করে সরকার-বিরোধী বিক্ষোভ দমনাভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ২০ জন নিহত হয়েছে। আন্দোলন কর্মীরা জানিয়েছে, বেশির ভাগ মানুষই নিহত হয়েছে তুরস্ক সীমান্তবর্তী জাবাল আল-জাউইয়া এবং হামা শহরের আশেপাশের এলাকায়। রাজধানী দামেস্কর কাছে এবং হোমস শহরের বিক্ষোভেও ১২ বছরের এক বালকসহ বিক্ষোভকারী নিহতের ঘটনা ঘটেছে। দামেস্কর আশেপাশে পল্লী এলাকাজুড়ে বিক্ষোভ দমনে মোতায়েন হয়েছে বহু সেনা ও পুলিশ। কিন্তু এর মধ্যেও বিক্ষোভ করছে ওই অঞ্চলের মানুষ। তুরস্ক সীমান্তবর্তী উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশসহ সিরিয়ার অন্যান্য জায়গায়ও চলছে বিক্ষোভ। অগাস্টে কয়েকটি শহরে বিক্ষোভ দমনের পর সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবার হামা নগরীর আশেপাশে পল্লী এলাকাগুলোতে চড়াও হয়েছে। এ সমস্ত অঞ্চলে তারা দফায় দফায় তল্লাশি চালানো ছাড়াও ব্যাপক ধরপাকড় করাসহ লোকজনকে হত্যা করছে। হামা নগরীর কাছের একটি শহরে ঢুকে নিরাপত্তা বাহিনী এর আগে গুলি চালিয়ে ৬ অধিবাসীকে হত্যা করেছে। সব মিলিয়ে শুক্রবার নিহতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে লোকাল কোঅর্ডিনেশন কমিটি। শুক্রবার জুমার নামাজের পর নিয়মিত সরকার-বিরোধী বিক্ষোভ দমন এবং তল¬াশি অভিযান চালাতে নিরাপত্তা বাহিনী সকাল সাড়ে ৬টার দিকে হিলফায়া এলাকায় ঢুকে এ ঘটনা ঘটায় বলে জানায় আন্দোলন কর্মীরা। তারা জানায়, বাস-ট্রাকে করে মেশিনগান নিয়ে সেনা ও নিরাপত্তা পুলিশ হিলফায়ায় প্রবেশ করে। তারা দুঘণ্টা সেখানে থেকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে অধিবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেনারা গত সপ্তাহে হামার চারপাশে বড় ধরনের দমনাভিযান শুরু করেছে। তা বিস্তৃত হয়েছে পশ্চিমেও। আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে সিরিয়ায় চলছে এ দমানাভিযান। গত ২ দিনে সেনা ও সজোঁয়া যান অগ্রসর হয়েছে তুরস্ক সীমান্তবর্তী জাবাল আল-জাউইয়া এলাকায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৭ঘ.