নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়ে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার দাবি নিয়ে নিউ ইয়র্কে শুক্রবার মিছিল করেছে শ শ মানুষ। ফিলিস্তিনের অধিকার রক্ষার আহ্বান জানিয়েছে তারা।
জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকের আগে এ মিছিল হলো। আগামী সপ্তাহের এ বৈঠকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার আবেদন জানানোর পরিকল্পনা করেছে ফিলিস্তিন। তবে এর বিকল্প ব্যবস্থা নিয়েও চিন্তাভাবনা করছে তারা।
যুতসই কোনো বিকল্প না পাওয়া পর্যন্ত ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ২৩ সেপ্টেম্বরে পূর্ণ জাতিসংঘ পদের জন্য আবেদন জমা দেবেন বলে জানিয়েছেন তার মুখপাত্র রিয়াদ মালকি।
ইসরায়েল ইতোমধ্যেই এর বিরুদ্ধে ঘোর আপত্তি তুলেছে। ফিলিস্তিনকে সতর্কও করেছে তারা। ইইউ এবং যুক্তরাষ্ট্রও ফিলিস্তিনকে তাদের এ পরিকল্পনা বাতিল করানোর চেষ্টা করছে।
জাতিসংঘে ফিলিস্তিনকে এখনই পূর্ণ সদস্যপদ না দিয়ে বরং তাদের মর্যাদা আপাতত একটু বাড়ানোর পক্ষপাতি তারা।
কিন্তু নিউ ইয়র্কে জনতা ফিলিস্তিনের অধিকারের পক্ষ নিয়েছে।
মিছিলে অংশ নেওয়া একজনের উক্তি, "সময় এখন ফিলিস্তিনের। এতে প্রশ্নের কোনো অবকাশ নেই। ইতিহাসে আমরা দেখেছি মানুষ ন্যায়বিচার পায়। এ পথ অনেক দীর্ঘ। এটা কালই ঘটবে না। কিন্তু একদিন ঘটবে সে বিশ্বাস আছে। আমার জীবদ্দশায় হয়তো দেখা সম্ভব হবে না, কিন্তু তা ঘটবেই।"
"ফিলিস্তিন এখনই তাদের অধিকার আদায় করে নিতে পারবে না। কিন্তু তাদের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। তাহলে একদিন তারা সফল হবে," বলেন আরেকজন।
ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যকার শেষ দফা শান্তি আলোচনা ভেঙে গেছে এক বছর আগে। তখন থেকেই আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে জাতিসংঘে পূর্ণ সদস্যরাষ্ট্র হিসাবে যোগ দেওয়ার চেষ্টা চালিয়ে আসছে তারা।
কিন্তু ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে, কেবলমাত্র দুপক্ষের সরাসরি আলোচনার মধ্য দিয়েই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেতে পারে।
জাতিসংঘের পূর্ণ সদস্যপদের জন্য ফিলিস্তিন আবেদন জানালে শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা নস্যাৎ হবে বলে জানিয়েছে ইসরায়েল। একই সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্রও।
এ পরিস্থিতিতে ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ক্যাথরিন আস্টোন একটি প্রস্তাব দেওয়ার চিন্তাভাবনা করছেন। তার এ প্রস্তাবে ভবিষ্যতে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য পূর্ণ জাতিসংঘ সদস্যপদ দেওয়ার কথা বলা হয়েছে।
তবে আপাতত ইসরায়েল-ফিলিস্তিন আলোচনার বিষয়টি উল্লেখ করে ফিলিস্তিনের মর্যাদা একটু বাড়ানার ওপরই জোর দেওয়া হয়েছে এতে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫১ঘ.
bdnews24