২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে ছড়াচ্ছে মারাত্মক ধরনের টিবি

ইউরোপে আশঙ্কাজনহারে ছড়িয়ে পড়ছে মারাত্মক ধরনের যক্ষ্মা (টিবি)। যা প্রতিরোধে কোনো ওষুধই কাজে আসছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2011, 04:03 PM

Updated : 24 Aug 2022, 03:59 PM

লন্ডন, ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইউরোপে আশঙ্কাজনহারে ছড়িয়ে পড়ছে মারাত্মক ধরনের যক্ষ্মা (টিবি)। যা প্রতিরোধে কোনো ওষুধই কাজে আসছে না। স্বাস্থ্য কর্তৃপক্ষ এ মহামারি ঠেকাতে না পারলে হাজার হাজার লোক মারা যাবে বলে বুধবার সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। টিবি সনাক্ত করা এবং চিকিৎসা করার নতুন পরিকল্পনা জানান দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক যুযসানা জেকব বলেছেন, সঠিক গুরুত্ব না দেওয়ায় ব্যপকভাবে টিবি ছড়িয়ে পড়ছে। আর এখন তা নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যতে এর মাশুল গুণতে হবে। ঝরে যাবে অনেক জীবন। তিনি আরো বলেন, "টিবি পুরাতন রোগ। এ রোগ এখনো সমূলে দূর করা যায়নি বরং আরো প্রকটভাবে এর প্রাদুর্ভাব ঘটছে। যা আমরা কখনো চিন্তাও করিনি।" ওদিকে, 'স্টপ টিবি পার্টনারশিপ' এর নির্বাহী সম্পাদক লুসিকা দিতুই লন্ডনে এক সংবাদ সম্মেলনে বলেন, "আক্রান্তের সংখ্যা ভয়াবহ। পরিস্থিতি নাটকীয়।" প্রতি বছর টিবিতে আক্রান্ত হয়ে বিশ্বে ১৭ লাখ মানুষ মারা যায়। ব্যাকটেরিয়াম মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিসের কারণে এ রোগ সংক্রমণ হয়। টিবি আক্রান্ত হলে রোগীর ফুসফুসের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। কাশিতে ওই ব্যাকটেরিয়া বেরিয়ে এসে বাতাসে ছড়ায়। ফলে আক্রান্ত হয় অন্যরাও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১৫৭ঘ.