ইয়াঙ্গুন, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নের আগে মিয়ানমারকে হাজার হাজার রাজবন্দি মুক্তির উদ্যোগ নেওয়াসহ গণতন্ত্রপন্থি নেত্রী অং সাং সু চি কে নিয়ে 'প্রকৃত' রাজনৈতিক সংস্কার কাজে নামতে হবে। যুক্তরাষ্ট্রের দূত ডেরেক মিশেল বুধবার একথা বলেন।
তবে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য নির্দিষ্ট কোনো শর্ত উল্লেখ করতে অস্বীকৃতি জানিয়েছেন দেশটি সফরকারী যুক্তরাষ্ট্রের নতুন এই বিশেষ প্রতিনিধি।
১৯৮৮ সালে ছাত্র বিক্ষোভ দমনে সেনা অভিযানের পর থেকে মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
ছয়দিনের সফর শেষে ইয়াঙ্গুনে প্রধান বিমানবন্দরে মিশেল সাংবাদিকদের বলেন, "এ সফর যথেষ্ট ফলপ্রসু বলেই মনে করছি।"
এ সফরে তিনি রাজধানী নিপিধোতে মন্ত্রিসভার সদস্য, সু চির নেতৃত্বাধীন বিরোধী দলের রাজনীতিকসহ বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তবে প্রেসিডেন্ট থান শয়ের সঙ্গে কোনো বৈঠকে অংশ নেননি মিশেল।
যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি জানান, তিনি মিয়ানমারের কর্মকর্তাদের প্রায় ২ হাজার রাজবন্দির মুক্তি, বিরোধী দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের আহ্বান জানিয়েছেন।
পাশাপাশি উত্তর কোরিয়ার সঙ্গে মিয়ানমারের সামরিক সম্পর্ক নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে তিনি।
মিশেল বলেন, "আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কন্নোয়নের জন্য এ বিষয়গুলোতে অগ্রগতি অপরিহার্য। সরকার যদি প্রকৃত ও সঠিক পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্রও সেভাবেই সাড়া দেবে।"
সম্প্রতি মিয়ানমারের নতুন শাসকদের গণতান্ত্রিক ও উদারনৈতিক পদক্ষেপে দেশটিতে রাজনৈতিক সংস্কারেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
গতমাসে বিরোধী দলীয় নেত্রী সু চির সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট থান শ। গত বছর নভেম্বরে গৃহবন্দিত্ব থেকে মুক্তি পাওয়ার আগে দীর্ঘ ১৫ বছর তাকে আটক রাখা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৯৪১ঘ.
bdnews24