কাবুল, সেপ্টেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলের সবচেয়ে সুরক্ষিত স্থানগুলোতে ম্যারাথন জঙ্গি তৎপরতা চালিয়ে নতুন করে নিজেদের শক্তিমত্তারই পরিচয় দিয়েছে তালেবানরা।
২০ ঘণ্টার লড়াইয়ে আক্রমণকারী শেষ জঙ্গিকে হত্যার পর 'কাবুল হামলা'র অবসান হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।
মঙ্গলবার কাবুলে যুক্তরাষ্ট্র দূতাবাস, ন্যাটো সদরদপ্তর ও পুলিশ ভবনে হামলা চালায় জঙ্গিরা। এতে ৯ জঙ্গি, ৪ পুলিশ এবং ৩ বেসামরিক মানুষসহ ১৬ জন নিহত হয়েছে।
হামলার শুরুর দিকে জঙ্গিরা দূতাবাস লক্ষ্য করে ৬/৭ টি রকেট ছুড়েছে। তাদের হামলার ব্যাপকতা এবং পরিধি মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। জঙ্গিরা অন্তত ৮ শ মিটার দূর থেকে রকেট চালিত গ্রেনেড হামলা করেছে।
১৩ তলা ভবনের প্রতিটি তলায় তলায় ন্যাটোর সহায়তা নিয়ে জঙ্গিদের মোকাবেলা করতে হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীকে।
ন্যাটো নেতৃত্বাধীন আইএসএএফ বাহিনীর প্রধান কার্যালয়, মার্কিন দূতাবাস, আফগান গোয়েন্দা সংস্থার কার্যালয়—এ প্রতিটি সুরক্ষিত স্থানে হামলা করে তারা যথেষ্ট শক্তির পরিচয় দিয়েছে। এর আগে গত মাসেই তারা হামলা করেছিলো কাবুলের ব্রিটিশ কাউন্সিলে।
হামলার সময় জঙ্গিরা একটি নির্মাণাধীন বহুতল ভবনে অবস্থান নিয়েছিল। ওই ভবন দীর্ঘ লড়াইয়ের পর মুক্ত করতে পেরেছে নিরাপত্তা কর্মীরা।
কাবুলে সা¤প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ হামলার ঘটনাটি এমন সময় ঘটলো যখন আফগান বাহিনীর হাতে নিরাপত্তার দায়িত্ব দিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বিদেশি বাহিনীগুলোকে পর্যায়ক্রমে প্রত্যাহার করে নেওয়া শুরু হয়েছে।
হামলার জন্য আফগান কর্মকর্তারা তালেবানদের হাক্কানি নেটওয়ার্ককে দায়ী করেছে। বিদ্রোহী জঙ্গি গোষ্ঠী হাক্কানি নেটওয়ার্কের সাথে তালেবান ও আল কায়েদার স¤পৃক্ততা থাকলেও তারা স্বতস্ত্রভাবে পরিচালিত হয়।
মঙ্গলবার আফগানিস্তানে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হামলাটি শুরু হয়। জঙ্গিবোঝাই একটি গাড়ি যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কিলোমিটার দূরে আব্দুল হক স্কয়ারে একটি তল্লাশি চৌকির কাছে এসে থামে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তল্ল¬াশি চৌকির কাছে কয়েকটি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিদ্রোহীরা নিকটবর্তী নির্মাণাধীন একটি ৯ তলা ভবনে ঢুকে পড়ে।
ওই ভবন থেকে, ৫ কিংবা তারও বেশি জঙ্গি যুক্তরাষ্ট্র দূতাবাস প্রাঙ্গণ লক্ষ করে মেশিনগানের গুলি, রকেট চালিত গ্রেনেড ও মর্টার হামলা চালায়।
হামলাকারী জঙ্গিরা প্রচুর অস্ত্রশস্ত্র নিয়ে অভিযানে নামে। দখলকৃত ভবনটিতে অস্ত্রশস্ত্র জড়ো করতে তাদের কমপক্ষে তিনদিন লেগেছে বলে অনুমান করা হচ্ছে।
তারা টানা প্রায় বিশঘণ্টা ধরে হামলা চালানোর পর আফগান বাহিনী শেষ আত্মঘাতী হামলাকারীকে হত্যার মাধ্যমে ঘটনার ইতি টানে।
বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযানে মার্কিন হেলিকপ্টার ও আফগান বাহিনীর এমআই-৩৫ হেলিকপ্টার ব্যবহার করা হয়।
বিবিসির কাবুল প্রতিনিধি জানান, বিদ্রোহী জঙ্গিরা দীর্ঘ সময় লড়াই করার প্রস্তুতি নিয়ে এসেছিল।
এ হামলা চলার সময় কাবুলের পশ্চিমাংশে একটি থানার সামনে দুই আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। কাবুল বিমানবন্দরে অপর এক আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটানোর সময় তাকে গুলি করে হত্যা করা হয়। এছাড়া গোয়েন্দা বাহিনী পরিচালিত একটি কারাগারেও হামলার চেষ্টা করা হয়।
হারুন মির নামের এক আফগান কর্মকর্তা জানান, এই প্রথম জঙ্গিদের চারটি দল আলাদা চারটি জায়গায় একযোগে হামলা চালিয়েছে।
একের পর এক বড় বড় হামলা চালিয়ে তালেবানরা যে শক্তি জাহির করছে তাতে আর কদিন পর বিদেশি সেনারা আফগানিস্তান থেকে বিদায় নিলে দেশটির অবস্থা কি দাঁড়াবে তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/এলকিউ/২১৫৬ ঘ.
bdnews24