কাবুল, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñআফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে দূতাবাস এলাকার কাছে এবং পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় মঙ্গলবার হামলা করেছে আত্মঘাতী তালেবান যোদ্ধারা। যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে দফায় দফায় তাদের রকেট হামলা চলছে।
হামলায় এ পর্যন্ত অন্তত ২ পুলিশ ও ২ বেসামরিক নাগরিক নিহত এবং ২২ জন আহত হয়েছে।
কাবুলের কেন্দ্রস্থলে কয়েকজন তালেবান জঙ্গি নির্মাণাধীন একটি বহুতল ভবন দখল করে বেশ কয়েকটি দূতবাস ও ন্যাটো কম্পাউন্ড লক্ষ্য করে রকেট এবং স্বয়ংক্রিয় রাইফেলের গুলি ছুড়ছে। পুলিশের সঙ্গেও চলছে তাদের গুলিবিনিময়।
দূতাবাস এলাকার কাছে দুপুরের দিকে প্রচণ্ড বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে। ওয়াজির আকবর খান এলাকায় অন্তত দুটি রকেট ছুড়েছে জঙ্গিরা। এলাকাটিতে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ বেশ কয়েকটি দেশের দূতাবাস রয়েছে।
একটি রকেট স্কুল বাসের ওপর পড়ে। পরে এটাকে খালি দেখা যায়।
কাবুলের কেন্দ্রস্থলের আব্দুল হক চত্বরে তালেবানদের দখল করা ভবনের ওপর দিয়ে ন্যাটোর দুটি হেলিকপ্টার চক্কর দিচ্ছে।
হামলার দায় স্বীকার করে তালেবান জঙ্গিদের এক মুখপাত্র জানিয়েছেন, দূতাবাস এলাকার কাছে বেশ কয়েকজন যোদ্ধা রকেট-চালিত গ্রেনেড, একে-৪৭ রাইফেল ও আত্মঘাতী হামলার প্রস্তুতি নিয়ে অবস্থান করছে।
এর কয়েক কিলোমিটার দূরেই কাবুলের পশ্চিমাঞ্চলে দুটি আত্মঘাতী হামলা হয়েছে। একটি পুলিশ ভবনের প্রবেশ পথে প্রথম আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছে এক পুলিশ। আহত হয়েছে দুইজন।
একই এলাকায় হাবিবিয়া হাই স্কুলে দ্বিতীয় আত্মঘাতী হামলায় এক বেসামরিক নাগরিক নিহত হয়েছে আহত হয়েছে ৪ জন। পুলিশ একথা জানিয়েছে।
কাবুল বিমানবন্দরের কাছে একটি সড়কে পুলিশ এক আত্মঘাতী হামলাকারীকে হত্যা করেছে বলে জানিয়েছেন নগরীর পুলিশ প্রধান।
কাবুলের দূতাবাস এলাকার কাছে পুলিশ ও জঙ্গিদের মধ্যকার বন্দুকযুদ্ধে একজন বেসামরিক নাগরিক নিহত এবং ১৬ জন আহত হওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রণালয়ের মুখপাত্র খাগার নরঘুলি। আহতদের মধ্যে রেডিও টেলিভিশন আফগানিস্তানের এক সাংবাদিকও রয়েছেন।
ওদিকে, স্বরাষ্ট্রমন্ত্রণালয় টুইটার বার্তায় জানিয়েছে, বন্দুকযুদ্ধে এক পুলিশ ও দুই হামলাকারী নিহত হয়েছে। দুই-তিনজন হামলাকারী এখনো ধরাছোঁয়ার বাইরে।
ইংরেজি ভাষার ইরানি প্রেস টিভি নিউজ চ্যানেল জানায়, তাদের কার্যালয়ে হামলা হয়েছে এবং এতে কয়েকজন আহত হয়েছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু জানায়নি।
দূতাবাস এলাকার কাছে হামলার পর মার্কিন দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপদেই আছে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে।
মার্কিন দূতাবাস জঙ্গিদের হামলার লক্ষ্য বলে নিশ্চিত করেছেন ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার উইলিয়াম প্যাটি।
টুইটারে তিনি লেখেন, "মার্কিন দূতাবাসে হামলার ব্যাপারে সতর্ক রয়েছি। ব্রিটিশ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীরাও এর আওতায় পড়ে।"
এর আগের খবরে অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ টেলিফোনে রয়টার্সকে বলেছিলেন, "হামলাকারীদের প্রথম লক্ষ্য গোয়েন্দা সংস্থাগুলোর কার্যালয় ও একটি মন্ত্রণালয়।"
মার্কিন দূতাবাস ও ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা সহযোগী বাহিনী (আইএসএএফ) এর দপ্তরেও হামলা চালানো হচ্ছে বলেও জানান তিনি।
ঘটনাস্থলের কাছে কর্মরত আফগানিস্তানের 'ন্যাশনাল ডিরেক্টোরেট অফ সিকিউরিটি'র এজেন্ট শফিউল্লাহ জানান, হামলাকারীরা মার্কিন দূতাবাস ও অন্যান্য লক্ষ্যস্থলে রকেট ছুড়ছে।
মার্কিন দূতাবাসের মুখপাত্র জানান, দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারীকে সরিয়ে নেয়া হচ্ছে।
মুখপাত্র গাবিন সান্ডওয়াল বলেন, "এ মুহূর্তে দূতাবাসকে আড়াল করে রাখা হয়েছে। আমরা এখনো পরিস্থিতি অনুধাবনের চেষ্টা করছি।"
পুলিশ ও নিরাপত্তা বাহিনী কাবুলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং অন্য দূতাবাসগুলোর চারপাশের
রাস্তা অবরোধ করে রেখেছে।
কাছেই একটি চত্বরে হামলা হয়েছে বলে জানিয়েছে তারা। সেইসঙ্গে হামলাাকরীর সংখ্যা পাঁচজন বলেও জানিয়েছে পুলিশ।
কাবুলের অপরাধ তদন্ত ইউনিটের প্রধান মোহাম্মাদ জহির বলেন, "পাঁচজন হামলা চালাচ্ছে। তবে অভিযান এখনও চলতে থাকায় বিস্তারিত জানাতে পারছি না।"
আত্মঘাতী হামলাকারীদের পাঁচজনের একটি দল সকালের দিকে এ হামলা চালায় বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা। হামলায় চার বেসামরিক নাগরিক আহত হয়েছে।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপপ্রধান নাদিরা হায়াত বুরহানি জানান, আহতদের চারজনকে দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অগাস্টের মাঝামাঝি সময়ে আফগানিস্তানে ব্রিটিশ কাউন্সিলের দপ্তরে বড় ধরনের আত্মঘাতী হামলার একমাস পর নতুন করে এ হামলা হলো।
তালেবান জঙ্গিরা অতীতে কাবুলের বহু লক্ষ্যস্থলে বড় ধরনের হামলা চালালেও এবারই তারা বিভিন্ন এলাকায় প্রথম এ ধরনের সংগঠিত হামলা চালাচ্ছে।
ন্যাটো এ হামলাকে আফগান বাহিনীর হাতে নিরাপত্তাভার হস্তান্তরের পরিকল্পনা বানচালের প্রচেষ্টা বলে অভিহিত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৩৪ঘ.
bdnews24