২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিপোলিতে লিবিয়ার অন্তর্বর্তী সরকার প্রধানের প্রথম ভাষণ

গাদ্দাফির পতনের পর লিবিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মুস্তাফা আবদেল জলিল সোমবার ত্রিপোলিতে প্রথমবারের মতো এক সমাবেশে ভাষণ দিয়েছেন। সমাবেশে জড়ো হয়েছিল প্রায় ১০ হাজার মানুষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 07:36 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ত্রিপোলি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাদ্দাফির পতনের পর লিবিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মুস্তাফা আবদেল জলিল সোমবার ত্রিপোলিতে প্রথমবারের মতো এক সমাবেশে ভাষণ দিয়েছেন। সমাবেশে জড়ো হয়েছিল প্রায় ১০ হাজার মানুষ। আবদেল জলিলের এ ভাষণকে লিবিয়ার সরকার পরিচালনায় সাবেক বিদ্রোহীদের আত্মবিশ্বাসী হয়ে ওঠার লক্ষণ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা। বিদ্রোহীদের কাছে গাদ্দাফি সরকারের পতনের পর গত শনিবার প্রথমবারের মতো ত্রিপোলিতে আসেন আবদেল জলিল। ৪২ বছর ধরে লিবিয়া শাসন করা গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পেছনে জলিলের নেতৃত্ব প্রধান চাবিকাঠি বলে বিবেচনা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। লিবিয়ায় বর্তমান ক্ষমতাসীন জাতীয় অন্তর্বর্তী পরিষদের চেয়ারম্যান আবদেল জলিল তার ভাষণে, গাদ্দাফিবিরোধী আন্দোলনের যোদ্ধাদের, ত্রিপোলিতে রয়ে যাওয়া গাদ্দাফি সরকারের অবশিষ্টদের প্রতি প্রতিশোধপরায়ণ না হওয়ার আহ্বান জানিয়েছেন। গাদ্দাফির পতনের পর এরআগেও তিনি একই আহ্বান জানিয়েছিলেন। ভাষণে তিনি নতুন লিবিয়ার আইনের প্রধান উৎস ইসলামি শরিয়া হওয়া উচিৎ বলে জানিয়েছেন। এ আইনের ক্ষেত্রে অনেক শর্তারোপ করা হবে বলেও জানান তিনি। 'চরমপন্থী দৃষ্টিভঙ্গি' কোনোভাবেই বরদাশত করা হবে না বলে তিনি দৃঢ়ভাবে জানান। অগাস্টের শেষ দিকে গাদ্দাফির পতনের পর বেনগাজি থেকেই লিবিয়ার অন্তর্বর্তী সরকার পরিচালনা করছিলেন জলিল। জাতীয় অন্তর্বর্তী পরিষদের নেতারা রয়টার্সকে জানান, জনসম্মুখে আবদেল জলিলের এ উপস্থিতির বিষয়ে তারা কোন বিজ্ঞাপন প্রচার করেন নি, কারণ তাতে সমাবেশটি গাদ্দাফি অনুগতদের হামলার লক্ষ্যস্থল হয়ে উঠতে পারতো। সমাবেশ স্থলে উপস্থিত মানুষের উল্লাস, বেলুন, আশতবাজি আর সঙ্গীতের মূর্ছনা এবং লিবিয়ার নতুন তেরঙা পতাকা নাড়িয়ে আনন্দ প্রকাশ জমায়েতটিতে উৎসবের আমেজ এনে দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৩৩০ ঘ.