২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রবিঠাকুরকে শ্রদ্ধা ইউনেস্কোয়

সার্ধশত জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান হয়েছে প্যারিসে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 06:50 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সার্ধশত জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা জানাতে অনুষ্ঠান হয়েছে প্যারিসে জাতিসংঘ সংস্থা ইউনেস্কোর সদর দপ্তরে। মানবিকতার জয়গান গাওয়ায় রবিঠাকুরকে শ্রদ্ধা জানানোর উদ্যোগ নেয় জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো। সোমবারের এ আয়োজনে শরিক ছিলো বাংলাদেশ ও ভারতের প্যারিস মিশন। প্যারিস সময় সন্ধ্যায় 'রিমেমবারিং ট্যাগোর' শীর্ষক এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গেয়ে শোনান রবীন্দ্র সঙ্গীতশিল্পী শামা রহমান ও শান্তনু চৌধুরী। রবিঠাকুরের পাশাপাশি চিলির কবি পাবলো নেরুদা ও ফরাসি কবি আইমে সিজারকেও শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করেন অপর্ণা সেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে সত্যজিৎ রায়ের নির্মিত প্রামাণ্যচিত্রটিও দেখানো হয়। ইউনেস্কোর এক বিবৃতিতে জানানো হয়, ২০১০ সালকে সাংস্কৃতিক পুনর্মিলনের বছর হিসেবে ঘোষণা দিয়েছে ইউনেস্কো। এরই অংশ হিসেবে তিন ভিন্ন সংস্কৃতির তিন সাহিত্যিককে শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্যোগ নিয়েছে সংস্থাটি। এ উদ্যোগের বিভিন্ন কর্মসূচি সদস্য দেশগুলোর সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান আয়োজন করবে বলে বিবৃতিতে জানানো হয়। এতে আরো বলা হয়, ভৌগলিক, সামাজিক ও রাজনৈতিক চিন্তাভাবনার ব্যাপক ভিন্নতা থাকলেও, এ তিন সাহিত্যিক তাদের নিজস্ব কাজে মানবিক মূল্যবোধকে প্রাধান্য দিয়েছেন এবং দুর্বল ও অবদমিতদের কণ্ঠস্বর হয়ে উঠেছেন। উপনিবেশবাদ, ফ্যাসিবাদ বা বর্ণবাদের বিরুদ্ধে তাদের বক্তব্য পেয়েছে সার্বজনীন রূপ। তিন সাহিত্যিককে উৎসর্গ করে 'রবীন্দ্রনাথ ট্যাগোর, পাবলো নেরুদা, আইমে সিজার ফর এ রিকনসাইলড ইউনিভার্সাল' শিরোনামে একটি বই প্রকাশ করেছে ইউনেস্কো। ইংরেজি, ফরাসি ও স্প্যানিশ ভাষায় প্রকাশিত এ বইটিতে এ তিন সাহিত্যিকের কাজ ও জীবন নিয়ে আলোচনা করা হয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৪৫ ঘ.