২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উচ্চ রক্তচাপ সম্পর্কিত নতুন জেনেটিক কোড আবিষ্কার

উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কযুক্ত বিশটিরও বেশি নতুন 'জেনেটিক কোড' খুঁজে পেয়েছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। প্রায় প্রত্যেক মানুষই এই জেনেটিক কোডগুচ্ছের কোন একটির বাহক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2011, 06:37 AM

Updated : 24 Aug 2022, 03:58 PM

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ রক্তচাপের সাথে সম্পর্কযুক্ত বিশটিরও বেশি নতুন 'জেনেটিক কোড' খুঁজে পেয়েছেন আন্তর্জাতিক বিজ্ঞানীদের একটি দল। প্রায় প্রত্যেক মানুষই এই জেনেটিক কোডগুচ্ছের কোন একটির বাহক। বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সম্মিলিত একটি দলের এ গবেষণার ফলাফল বিজ্ঞান সাময়িকী নেচার ও নেচার জেনেটিক্সে প্রকাশিত হয়েছে বলে বিবিসি জানায়। গবেষকরা বিশ্বাস করেন তাদের গবেষণা উচ্চ রক্তচাপের নতুন চিকিৎসা পদ্ধতি বের করতে কাজে লাগবে। তবে ব্রিটিশ হার্ট ফাউন্ডেশন জানিয়েছে, জীবনযাপনের ধরনই এখন পর্যন্ত উচ্চ রক্তচাপের প্রধান কারণ। উচ্চ রক্তচাপ, যা হাইপারটেনশন নামেও পরিচিত, পারিবারিকভাবেও হতে পারে, আবার স্থূলতা, ব্যায়াম না করা ও খাবারে অতিরিক্ত লবণ ব্যবহারের কারণেও হতে পারে। উচ্চ রক্তচাপের ক্ষেত্রে জীবনযাপনের প্রভাব সবার জানা থাকলেও রোগটির ক্ষেত্রে জিনগত প্রভাবের বিষয়ে অল্পই জানা গেছে। গবেষকরা দাবি করেছেন, উচ্চ রক্তচাপের ক্ষেত্রে জিনের ভূমিকা বোঝার ক্ষেত্রে 'বড় ধরনের' অগ্রগতি হয়েছে। এ গবেষণায় ২৪টি দেশের বিজ্ঞানীরা অংশ নিয়েছেন। গবেষণার প্রথম পর্যায়ে দুই লাখ মানুষের জেনেটিক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। উচ্চ রক্তচাপের জিনগত কারণ উদ্ঘাটন করা গেলে এ রোগের চিকিৎসা প্রক্রিয়াটি মানুষের আয়ত্ত্বের মধ্যে চলে আসবে বলে বিজ্ঞানীদের ধারণা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১২২৭ ঘ.