জেনেভা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/রয়টার্স)- সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ দমনাভিযানে এ পর্যন্ত ২ হাজার ৬০০ মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
সেনা পাঠিয়ে আন্দোলন ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার নাভি পিল্লাই বলেছেন, "মার্চের মাঝামাঝি থেকে সিরিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬০০ তে।"
প্রথমে যা ভাবা হয়েছিল নিহতের সংখ্যা তার চেয়ে ৪০০ জন বেশি। মাঠ পর্যায়ে বিশ্বাসযোগ্য সূত্র থেকে এ তথ্য পাওয়া গেছে বলে জানান পিল্লাই।
তবে তিনি সূত্রের পরিচয় দিতে পারেননি। সিরিয়া পিল্লাইয়ের তদন্ত দলকে বাধা দেওয়াসহ বিদেশি সাংবাদিকদেরও তথ্য সংগ্রহে বাধা দিয়েছে।
সিরিয়ান সরকার নিহতের যে পরিসংখ্যান দিয়েছে তার চেয়ে নিহতের সংখ্যা প্রায় দ্বিগুণ।
আসাদের একজন উপদেষ্টা বৌথাইনা শাবান সোমবার বলেছেন, প্রায় ১ হাজার ৪০০ জন মারা গেছেন। এর মধ্যে অর্ধেক পুলিশ কর্মকর্তা আর বাকি অর্ধেক বিক্ষোভকর্মী।
সহিংসতার জন্য সিরিয় সরকার সশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসীদের দায়ী করছে।
যুক্তরাষ্ট্র ও ইউরোপ সিরিয়ার কঠোর দমনাভিযানের নিন্দা জানিয়ে আরো কড়া নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানালেও রাশিয়া ও চীন এর বিরোধিতা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/বিসিএস/এলকিউ/২১৪৫ঘ.
bdnews24