প্যারিস, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফ্রান্সের দক্ষিণাঞ্চলে একটি পরমাণু স্থাপনায় বিস্ফোরণে সোমবার একজন নিহত এবং ৪ জন আহত হয়েছে। তবে এ বিস্ফোরণের পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলে জানিয়েছেন এক পরমাণু কর্মকর্তা।
মাহকুল পরমাণু স্থাপনার কাছে সেনথাকো কেন্দ্রে এ বিস্ফোরণ ঘটে। আহত ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর। বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বার্তা সংস্থা এপি পরমাণু নিরাপত্তা কর্তৃপক্ষের বিবৃতি দিয়ে প্রাথমিক খবরে জানিয়েছে, তেজস্ক্রিয় বর্জ সংরক্ষণস্থলে স্বল্পমাত্রার তেজস্ক্রিয় বর্জ্য গলানোর জন্য ব্যবহৃত একটি ওভেনে বিস্ফোরণ ঘটেছে।
তেজস্ক্রিয়া ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে সেনথাকো কেন্দ্র পরিচালনাকারী ইডিএফ বিদ্যুৎ কোম্পানির কর্মকর্তারা বলছেন, কেন্দ্রটিতে কোনো পরমাণু চুল্লি নেই এবং বিস্ফোরণস্থলের পরমাণু বর্জ্যও কোনো চুল্লি থেকে আসেনি।
পরমাণু কেন্দ্রের মুখপাত্র বলেছেন, বিস্ফোরণে আগুন ধরে যায়। তবে তা নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯১৩ঘ.
bdnews24