ওয়াশিংটন, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদলীয় শীর্ষ দুই মনোনয়ন প্রার্থী রিক পেরি ও মিট রোমনিকে 'নির্ভরযোগ্য' প্রতিদ্বন্দ্বী মনে করছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।
এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট। সোমবার সাক্ষাৎকারটি স¤প্রচারের কথা রয়েছে। ওবামার সাক্ষাৎকারের কিছু অংশ ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
২০১২ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে টেক্সাসের গভর্নর রিক পেরি ও ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর মিট রোমনি রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী।
এনবিসি' প্রকাশিত উদ্ধৃতি অনুসারে ওবামা বলেন, "সত্যিকারের বিষয়টি হচ্ছে মহামন্দার পর থেকেই মার্কিনিরা অর্থনৈতিকভাবে বাজে অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে। তারা অধৈর্য্য হয়ে পড়েছে।"
তিনি আরো বলেন, "আমাদের পদক্ষেপগুলোর দিকে তাকিয়ে দেখুন। এগুলো সঠিক পদক্ষেপ। এসব পদক্ষেপ গ্রহণ না করা হলে পরিস্থিতি আরো খারাপ হতে পারতো। তবে তারপরও কথা হচ্ছে, বেকারত্বের হার এখনও ৯ শতাংশ।"
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিসেবে পেরির কথা জানতে চাইলে জবাবে ওবামা বলেন, "তিনি একটি বড় অঙ্গরাজ্যের গভর্নর। রোমনির মতো তিনিও যে নির্ভরযোগ্য প্রার্থী সে বিষয়ে কোনো সন্দেহ নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৪৩০ ঘ.
bdnews24