নিউ ইয়র্ক , সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইন্টারনেট সার্চ ইঞ্জিন ইয়াহু'র
পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ক্যারোল বার্জ। কয়েকদিন আগে এই ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে বরখাস্ত হওয়ার পর বার্জ এই পদক্ষেপ নিলেন।
ইয়াহুর পরিচালনা পর্ষদের মুখপাত্র কারলেস সিপকিনস রোববার এক ই-মেইলবার্তায় জানান, "ইয়াহু! ইনকর্পোরেশনের পরিচালনা পর্ষদ থেকে ৯ সেপ্টেম্বর, ২০১১ তারিখে ক্যারোল বার্জ পদত্যাগ করেছেন। শিগগিরই এটি কার্যকর হবে।"
প্রায় আড়াই বছর ওই প্রতিষ্ঠানটির সর্বোচ্চ পদে (সিইও) থেকে দায়িত্ব পালনের পর গত মঙ্গলবার বার্জকে অপসারণ করা হয়।
নতুন সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত ইয়াহুর প্রধান অর্থনীতি বিষয়ক কর্মকর্তা টিম মোর্স ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন।
প্রতিদ্বন্দ্বী গুগল ও ফেইসবুকের সাথে ইয়াহুর প্রতিদ্বন্দ্বিতা বাড়ছেই। ফলে বাজার দখল বাড়াতে হিমশিম খাচ্ছে তারা।
ক্যারোল বার্জ ২০০৯ সালে ইয়াহুর সহ-প্রতিষ্ঠাতা জেরি ইয়াংয়ের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব পাওয়ার পরপরই তিনি ব্যবস্থাপনা পর্যায়ে উল্লেখযোগ্য পরিবর্তন আনার পাশাপাশি ব্যয় কমাতে কর্মী ছাঁটাইয়ের পদক্ষেপও নেন।
ক্যারোলের কর্মকাণ্ড সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে সি-নেট -এর প্রযুক্তি বিশ্লেষক ল্যারি ম্যাগিড বলেন, ক্যারোল বার্জের নেতৃত্বে কোম্পানিটির উল্লেখযোগ্য তেমন কোনো অগ্রগতি অর্জিত হয় নি।
তিনি আরো বলেন, ফেইসবুক অনেক এগিয়ে। এমন কি গুগলও ইয়াহু থেকে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে এগিয়ে রয়েছে।
সমালোচকেরা মনে করেন, সার্চ ও সামাজিক যোগাযোগের যে আকর্ষণীয় বাজার ছিল, ইয়াহু তা ধরতে ব্যর্থ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৫৫ ঘ.
bdnews24