মার্সেই, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাতের পর লিবিয়ার শাসনভার গ্রহণকারী 'ন্যাশনাল ট্রাঞ্জিশনাল কাউন্সিল (এনটিসি)'কে দেশটির বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
সংস্থাটির প্রধান ক্রিস্টিন লগার্ড শনিবার জানান, আইএমএফ এনটিসিকে স্বীকৃতি দিয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে শিগগিরই সেখানে একটি দল পাঠাবে।
ফ্রান্সের মার্সেইতে গ্র"প এইটের আলোচনায় সময় এক সংবাদ সম্মেলনে লগার্ড বলেন, "আমি খুবি খুশি যে আইএমএফ লিবিয়ার অন্তর্বর্তী শাসন পর্ষদকে দেশটির বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। এর ফলে লিবিয়া কর্তৃপক্ষকে সহায়তায় অনুমোদিত তহবিল তৈরি হবে।"
ওদিকে, লিবিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান মোস্তাফা আব্দুল জলিল প্রথমবার রাজধানী ত্রিপোলি গেছেন এবং ক্ষমতাচ্যুত নেতা মুয়াম্মার গাদ্দাফি এখনও হুমকি বলে সতর্ক করে দিয়েছেন।
অন্তর্বর্তীকালীন সরকার পুরো দেশকে নিয়ন্ত্রণে ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার চেষ্টা করছে। সেইসঙ্গে সীমিত পরিসরে তেল উৎপাদন পুনরায় শুরুর ঘোষণা দিয়েছে, যা তিন/চার দিনের মধ্যেই লিবিয়ার অর্থনীতির ভিত্তি তৈরি করে দেবে বলে আশা করা হচ্ছে।
অন্যদিকে গাদ্দাফি বাহিনীকে আত্মসমর্পণের বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ায় বনি ওয়ালিদের দিকে যাচ্ছে এনটিসির যোদ্ধারা। তবে গাদ্দাফির অনুগতরা তাদের বাধা দিচ্ছে বলে খবর পাওয়া গেছে।
অগাস্টের শেষ দিক থেকে এনটিসি রাজধানী ত্রিপোলি থেকে পরিচালিত হওয়ার পর ১৫০ কিলোমিটার দক্ষিণপূর্বের শহর বনি ওয়ালিদের মতো আরো কয়েকটি স্থানে শক্ত প্রতিরোধ গড়ে তোলে গাদ্দাফির সমর্থকরা।
গাদ্দাফির ছেলেদের মধ্যে দুই/একজন এ বনি ওয়ালিদে অবস্থান করছেন বলে বিরোধী শিবির ধারণা করছে। শহরটিতে গাদ্দাফিও থাকতে পারেন বলেও এনটিসি'র কয়েকজন নেতা ইঙ্গিত করেছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, এনটিসির যোদ্ধা ও গাদ্দাফি সমর্থকদের মধ্যে লড়াইয়ের সূত্র ধরে বনি ওয়ালিদে ন্যাটোর বিমান থেকে বোমা হামলা চালানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এমআই/১৪৩৫ ঘ.
bdnews24