ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার ১০ বছর পর যুক্তরাষ্ট্র এখন আরো শক্তিশালী- এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা।
টুইন টাওয়ারে হামলার ১০ বছর পূর্তিতে ওবামা শনিবার দেশবাসীর উদ্দেশে সাপ্তাহিক ভাষণে এ কথা বলেন।
অব্যাহত হুমকির মুখে নাগরিকদের এগিয়ে চলার প্রশংসা করেন ওবামা। সেইসঙ্গে বলেন, গত ১০ বছরে আল কায়দার শক্তি নিঃশেষ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, "জঙ্গিদের বিরুদ্ধে অব্যহত তৎপরতা চালিয়ে যাওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সেনাসদস্যদের, আমাদের গোয়েন্দাদের, আইন প্রয়োগকারী সংস্থা এবং হোমল্যান্ড সিকিউরিটিতে কর্মরতদের। এ বিষয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে যুক্তরাষ্ট্র আরো শক্তিশালী হয়েছে, আর আল কায়েদা পরাজয়ের পথে রয়েছে।"
২০০১ সালের ১১ সেপ্টেম্বর বিশ্বের অন্যতম ব্যস্ত নগরী নিউ ইয়র্কে বিশ্ববাণিজ্য কেন্দ্র ভবন (টুইন টাওয়ারে) টুইন টাওয়ার গুঁড়িয়ে যায় সন্ত্রাসী হামলায়, নিহত হয় ৩ হাজারের বেশি মানুষ। সেদিন দুটি বিমান পরপর ঢুকে পড়ে ওই ভবনে। আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দা ওই হামলা চালিয়েছিলো বলে মনে করা হয়।
ওই দিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদর দপ্তর পেণ্টাগনও আত্মঘাতী বিমান হামলার শিকার হয়। এ হামলা পরাশক্তি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রশ্নের মুখে ঠেলে দেয়, কারণ স্বাধীনতার পর থেকে মূলভূখণ্ড কখনো কোনো যুদ্ধেই আক্রান্ত হয়নি। এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানিরা যুক্তরাষ্ট্র আক্রমণ করলেও তা মূলভূখণ্ড থেকে অনেক দূরের প্রশান্ত মহাসাগরের দ্বীপরাজ্য হাওয়াইতেই সীমাবদ্ধ ছিলো।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্য অনুযায়ী, ওসামা বিন লাদেনসহ আল কায়দার শীর্ষ নেতাদের পরিকল্পনায় টুইন টাওয়ারে হামলা হয়েছিলো। হামলায় ব্যবহৃত বিমানগুলো ছিনতাই করা হয়।
টুইন টাওয়ারে হামলা বিশ্বের রাজনৈতিক ঘটনাপ্রবাহকে ভিন্ন দিকে প্রবাহিত করে। এরপরপরই তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিও বুশ ঘোষণা করেন 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ'।
প্রথমেই আক্রান্ত হয় আফগানিস্তান, ক্ষমতা থেকে উচ্ছেদ হয় তালেবান। এরপর আক্রান্ত হয় ইরাক। শুরু হয় পাকিস্তানে ড্রোন হামলা। চলতে থাকে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের জঙ্গিদমন অভিযান।
বিশ্বের ছোটবড় প্রায় সব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের এ 'যুদ্ধে'র সঙ্গে হয় যোগ দেয়, নয়তো সমর্থন করে। বুশ প্রশাসনের নীতিই ছিলো- 'হয় তুমি আমার সঙ্গে, নয় তো আমার বিরুদ্ধে'।
হামলার ১০ বছর ধরে বিন লাদেনকে খুঁজলেও তাকে ধরা যাচ্ছিলো না। তবে এ বছরের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে এক সুরক্ষিত গোপন আস্তানায় বিন লাদেন যুক্তরাষ্ট্রের এক ঝটিকা হামলায় নিহত হন। ওসামার মৃত্যুর পর এবার টুইন টাওয়ারে হামলার বার্ষিকী ভিন্ন আবহে পালিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে শনিবার সকালে এক বৈঠকে ওবামা হামলার ১০ বছর পূর্তিতে সব ধরনের হুমকিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ নেওয়ার আদেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/এমআই/১২০৫ ঘ.
bdnews24