২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিদেশিদের জন্য বিন লাদেনের বাড়ি পরিদর্শন নিষিদ্ধ'

নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার ১০ বছরপূর্তিকে সামনে রেখে বিদেশি দর্শণার্থী ও সাংবাদিকদের নিহত আল কায়েদার নিহত শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের বাড়ি পরিদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 09:22 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিউ ইয়র্কের টুইন টাওয়ারে হামলার ১০ বছরপূর্তিকে সামনে রেখে বিদেশি দর্শণার্থী ও সাংবাদিকদের নিহত আল কায়েদার নিহত শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের অ্যাবোটাবাদের বাড়ি পরিদর্শন নিষিদ্ধ করেছে পাকিস্তান সরকার। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনবহুল বহুজাতিক শহর নিউ ইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের জোড়া ভবনে (টুইন টাওয়ার) সন্দেহভাজন আল কায়েদা জঙ্গিরা ভয়াবহ আত্মঘাতী হামলা চালায়। এতে ট্ইুন টাওয়ার বিধ্বস্ত হয়ে প্রায় তিন হাজার মানুষ মারা যায়। ওই হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে ওসামা বিন লাদেনকে দায়ী করা হয়। চলতি বছরের ২ মে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদের একটি সুরক্ষিত বাড়িতে মার্কিন বাহিনীর গুপ্ত অভিযানে নিহত হন আল কায়েদার প্রতিষ্ঠাতা শীর্ষ নেতা ওসামা বিন লাদেন। চলতি সপ্তাহে পাকিস্তানে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত তার স্ত্রী ও দুই ফরাসি সাংবাদিকসহ বিন লাদেনের বাড়ি পরিদর্শনের উদ্দেশে অ্যাবোটবাদে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং আটক করা হয় বলে এনডিভি জানায়। অ্যাবোটাবাদের পুলিশ কর্তৃপক্ষ শুক্রবার জানায়, আটক রাষ্ট্রদূত ও তার স্ত্রীসহ সঙ্গীদের কিছু সময় আটক রাখার পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে যাওয়ার অনুমতি দিয়ে ছেড়ে দেওয়া হয়। রাষ্ট্রদূত উফি ভল্ফহেকেল জানান, বিন লাদেনের বাড়িতে যাওয়ার পথে একটি তল্লাশি চৌকিতে তিনি নিরপত্তা কর্মকর্তাদের জিজ্ঞেস করেন, তিনি ও তার স্ত্রী দূর থেকে বিন লাদেনের বাড়িটি দেখতে পারবেন কিনা। নিরাপত্তা কর্মকর্তারা দুঃখ প্রকাশ করে জানান, তা সম্ভব নয়। এরপর রাষ্ট্রদূত নিরাপত্তা কর্মকর্তাদের সাথে হাত মিলিয়ে তাদের 'শুভদিন' বলে বিদায় নেন। এর পরপরই তল্লাশি চৌকির নিরাপত্তা কর্মকর্তারা তাকে (রাষ্ট্রদূত) ও তার সঙ্গীদের প্রায় দু'ঘণ্টা আটকে রেখে কাগজপত্র তল্লাশি করে বলে জানান ডেনিস রাষ্ট্রদূত। তবে, গণমাধ্যমগুলোর ওপর এখনও পর্যন্ত 'বিন লাদেনের বাড়ি পরিদর্শন করা যাবে না' এ সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা জারি করে নি পাকিস্তানি কর্তৃপক্ষ। অ্যাবোটাবাদের পুলিশ কর্মকর্তা করিম খান জানান, কর্তৃপক্ষ সাংবাদিকদের ও বিদেশিদের বিন লাদেনের বাড়ি পরিদর্শন থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৫১৫ ঘ.