২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ বর্ষপূর্তিতে হামলার আশঙ্কায় হিলারির সতর্কতা

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ১০ বছর পূর্তিতে আল কায়েদা হামলা চালাতে পারে বলে গ্রহণযোগ্য তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন জনগণকে সতর্ক থাকতে বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 07:54 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ১০ বছর পূর্তিতে আল কায়েদা হামলা চালাতে পারে বলে গ্রহণযোগ্য তথ্য পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন জনগণকে সতর্ক থাকতে বলেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। ৯/১১'র ১০ম বর্ষপূর্তি স্মরণে শুক্রবার নিউ ইয়র্ক স্টক একচেঞ্জে আয়োজিত এক অনুষ্ঠানে হিলারি মার্কিনিদের উদ্দেশে এ সতর্কতা জানান বলে বিবিসি জানায়। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক, ওয়াশিংটন ও পেনসিলভেনিয়াতো সন্ত্রাসী হামলা চালানো হয়। আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠন আল কায়েদাকে এই হামলার জন্য দায়ী করা হয়। সবচেয়ে ভয়াবহ হামলা চালানো হয় নিউ ইয়র্কের টুইন টাওয়ারে (বিশ্ব বাণিজ্য কেন্দ্র)। এতে বহুতল ওই ভবন দু'টি ধসে যায় এবং প্রায় তিন হাজার মানুষের মৃত্যু হয়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, "আমেরিকার জনগণ বিশেষ করে নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের জনগণকে লক্ষ করে হামলার পরিকল্পনা করছে আল কায়েদা।" হিলারি বলেন, সম্ভাব্য এ হুমকির বিষয়ে সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের সতর্ক হওয়ার কারণ হলো মে মাসে পাকিস্তানে ওসামা বিন লাদেনের ওপর অভিযান চালানোর পর সে স্থান থেকে বেশ কিছু কাগজপত্র পাওয়া গেছে। আর তাতে বোঝা গেছে, নিউ ইয়র্কে হামলার বর্ষপূর্তিতে আল কায়েদা আবারো হামলার বিষয়টি বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশ্যে নিউ ইয়র্কের সাবেক এ সিনেটর বলেন, নিজেদের পরিকল্পনা পরিবর্তনের দরকার নেই। বরং সতর্ক থাকুন। বৃহস্পতিবার নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, সন্ত্রাসী হামলার হুমকি 'অনিশ্চিত'। তারপরও বিভিন্ন সেতু, টানেল ও জন পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পুরো শহর যে সন্ত্রাসী হামলা মোকাবিলায় প্রস্তুত রয়েছে তা বোঝাতে শুক্রবার সকালে তিনি নিউ ইয়র্ক শহরে ঘুরতে বের হন। ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। আর কেউ যদি পরিত্যক্ত বা সন্দেহজনক কোনো গাড়ি লক্ষ করে তাহলে তা জানাতে বলা হয়েছে। এছাড়া নিউ ইয়র্ক বা ওয়াশিংটনে সম্ভাব্য গাড়ি বোমা হামলা চালানো হতে পারে বলে পাকিস্তান থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এবিসি নিউজ জানায়, সন্ত্রাসী হামলা চালাতে অগাস্ট মাসে তিন ব্যক্তি যুক্তরাষ্ট্রে এসেছে। তবে কর্মকর্তারা এদের পরিচয় নিশ্চিত করতে পারে নি। এদিকে আল কায়েদা নেতা আয়মান আল জাওয়াহিরি সম্ভাব্য এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে। ৯/১১ ঘটনার দশম বর্ষপূর্তি উপলক্ষ্যে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। রোববার বারাক ওবামা পেন্টাগন, নিউ ইয়র্কের টুইন টাওয়ারের স্থান পরিদর্শন ও পেনসিলভেনিয়ার শাঙ্কসভিলে স্মরণসভায় যোগ দেবেন। অনুষ্ঠানে নিউ ইয়র্কের মেয়র ব্লুমবার্গ ও সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশও যোগ দেবেন বলে জানা গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/সিআর/১৩৪৮ ঘ.