২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের শঙ্কা নিয়েই পাকিস্তানে ফেরার ঘোষণা মুশাররফের

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ ২০১২ সালের মার্চের মধ্যে পাকিস্তানে ফেরার ঘোষণা দিয়েছেন। গ্রেপ্তারের আশঙ্কা থাকার পরও তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2011, 05:46 AM

Updated : 24 Aug 2022, 03:56 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাকিস্তানের সাবেক স্বৈরশাসক জেনারেল পারভেজ মুশাররফ ২০১২ সালের মার্চের মধ্যে পাকিস্তানে ফেরার ঘোষণা দিয়েছেন। গ্রেপ্তারের আশঙ্কা থাকার পরও তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোশাররফ বলেন, "তাদের আমাকে গ্রেপ্তার করতে দিন [...] আমি ফিরবোই।" পাকিস্তানের সন্ত্রাসবিরোধী একটি আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে মুশাররফের বিরুদ্ধে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির ভুট্টোকে যথাযথ নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় মুশাররফের বিরুদ্ধে মামলা হয়। ২০০৭ সালের ডিসেম্বরে বেনজির নিহত হন। মুশাররফ এই মামলাকে ভিত্তিহীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। এই মামলার ব্যাপারে ধারাবাহিকভাবে সাড়া না দেওয়ায় গত মাসে আদালত মুশাররফের সব সম্পদ ও ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয়। বেনজিরের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে মুশাররফ, "কোনো কল্পনা বা আইনি বিশ্লেষণে কিংবা সাংবিধানিকভাবেও আমি এর সাথে জড়িত নই। তাই আমি জানি এই মামলা একটি তামাশা ছাড়া আর কিছু নয়। আমি এর বিরুদ্ধে লড়বো।" জেনারেল পারভেজ মুশাররফ দীর্ঘ নয় বছর পাকিস্তান শাসন করেছেন। ২০০১ সালে ৯ সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারে (বিশ্ব বাণিজ্য কেন্দ্র) হামলা চালায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়েদা। এরপর ২০০৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালীন যুক্তরাষ্ট্রের 'সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে' ঘনিষ্ঠমিত্র হিসেবে কাজ করেছেন মুশাররফ। নিউ ইয়র্কের চালানো ওই হামলা ৯/১১ হামলা বলে পরিচিতি পায়। ওই ঘটনার ১০ বছর পূর্তির সময়েই পাকিস্তানে ফেরার ঘোষণা দেওয়ায় আবারও আলোচনায় চলে আসেন জেনারেল মুশাররফ। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে মিত্র হিসেবে কাজ করার প্রতি ইঙ্গিত করে মুশাররফ জানান, আল কায়েদা ও তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তানের চেয়ে বেশি ত্যাগ আর কোনো দেশ করে নি। তিনি বলেন, তার নেতৃত্বে পাকিস্তানি সেনা বাহিনী আল কায়েদার অনেক শীর্ষস্থানীয় নেতার বিরুদ্ধে অভিযানে সাফল্য পায়। এর মধ্যে ৯/১১ হামলার সন্দেহভাজন অন্যতম পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের পাকিস্তানে ধরা পড়া অথবা নিহত হওয়ার ঘটনাও রয়েছে। মুশাররফ অভিযোগ করেন, সামরিক এই সাফল্যগুলো ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে রাজনীতিকরা ব্যবহার করতে পারেন নি। আর এ কারণেই পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে জঙ্গি হামলা সম্পর্কিত সমস্যা আরো জটিল আকার ধারণ করেছে। আগামী ছয় মাসের মধ্যে পাকিস্তানে ফিরে গিয়ে নেতৃস্থানীয় ভূমিকায় অবতীর্ণ হতে দৃঢ়প্রতিজ্ঞ মুশাররফ বলেন, "যদি বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে থাকে তবে আদালত তাতে প্রভাবিত হবে এবং তারা আমাকে গ্রেপ্তার কিংবা অন্যকিছু করবে। আমি বিষয়টিকে সম্ভাবনা হিসেবে দেখছি না, বরং তাদের আমাকে গ্রেপ্তার করতে দিন। আমি জেলে যাবো। তারপর দেখুন কি হয়। আমি অবশ্যই (পাকিস্তান) ফিরে যাবো।" তবে জেনারেল মুশাররফবিরোধীরা তাকে রাজনৈতিক সমর্থনহীন অতীত হয়ে যাওয়া একজন ব্যক্তি বলে মনে করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৬ ঘ.