প্যারিস, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আন্তর্জাতিক অপরাধ আদালতের আবেদনে সায় দিয়ে লিবিয়ার ক্ষমতাচ্যুত শাসক মুয়াম্মার গাদ্দাফিকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেছে ইন্টারপোল।
গাদ্দাফির পাশাপাশি তার ছেলে সাইফ আল ইসলাম এবং লিবিয়ার গোয়েন্দাপ্রধান আবদুল্লাহ আল সেনুসির বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
শুক্রবার পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টারপোল এ পরোয়ানা জারি করে। এর আগে গত জুন মাসে আন্তর্জাতিক অপরাধ আদালত গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তখন তিনি ক্ষমতায় থাকলেও দেশে যুদ্ধ চলছিলো।
গ্রেপ্তারি পরোয়ানা জারির ব্যাখ্যায় ইন্টারপোলের মহাসচিব রোনাল্ড নোবল এক বিবৃতিতে বলেন, মুয়াম্মার গাদ্দাফি তার দেশেই সন্দেহভাজন এক চরিত্র। তার বিরুদ্ধে ফৌজদারি অপরাধের অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ আদালতও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
লিবিয়ায় বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতার জন্য মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ২৭ জুন ছেলে ও শ্যালকসহ গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি।
ইন্টারপোলের ১৮৮টি সদস্য রাষ্ট্রের মধ্যে লিবিয়া একটি। এ বিবৃতি লিবিয়ায় বিদ্রোহীদের নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন জাতীয় পরিষদের প্রতি এ সংস্থার স্বীকৃতির দেওয়ার ক্ষেত্রে প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে।
ইন্টারপোলের এ পরোয়ানা জারির অর্থ হচ্ছে, সংস্থার সদস্য দেশগুলোতে গাদ্দাফির আশ্রয় নেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করলো।
ক্ষমতাচ্যুত গাদ্দাফি এখন কোথায় আছেন, তা স্পষ্ট নয়। ২৩ অগাস্ট ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ড দখলের পর তাকে খুঁজছে লিবিয়ার অন্তর্র্বতীকালীন পরিষদের (এনটিসি) যোদ্ধারা।
গাদ্দাফির অনুগত সৈন্য ও কর্মকর্তাদের দুটি দল প্রতিবেশী দেশ নাইজারে ঢুকলেও তাতে গাদ্দাফি রয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। নাইজারও ইন্টারপোলের সদস্য।
গাদ্দাফি অবশ্য বৃহস্পতিবারও অজ্ঞাত স্থান থেকে বলেছেন, তিনি লিবিয়ায় রয়েছেন এবং লড়াই চালিয়ে যাবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৭০৬ ঘ.
bdnews24