ঢাকা, সেপ্টেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হ্যাকারদের কবলে পড়া বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইট আগের রূপ ফিরে পেয়েছে।
বৃহস্পতিবার রাত ১২টার পর ওই ওয়েবসাইটে (http://www.hcidhaka.org) স্বাভাবিক তথ্যের পাশাপাশি আক্রান্ত হওয়ার বার্তা দেখা যায়। ওয়েবসাইটের হোমপেইজে লেখা দেখা যায় 'হ্যাকড বাই বাংলাদেশি হ্যাকার'।
তবে রাতে ভিসা আবেদনের অনলাইন পদ্ধতির বহিঃলিঙ্কটি সক্রিয় ছিল। একইভাবে হোমপেইজে থাকা অন্যান্য বহিঃলিঙ্কও সক্রিয় দেখা যায়।
হাইকমিশনে যোগাযোগ করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানানো হয়, বিষয়টি নজরে আসার পর দ্রুতই ওয়েবসাইটটি আগের রূপে ফিরিয়ে আনা হয়।
শুক্রবার সকালে ওয়েবসাইটটি স্বাভাবিক রূপেই দেখা যাচ্ছে।
হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি (পলিটিক্যাল অ্যান্ড প্রেস) মনোজ কুমার মহাপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কিছু প্রেস রিলিজ, বিবৃতি ও ছবি বিকৃত করা হয়েছিলো।"
"সমস্যা কাটিয়ে উঠা গেছে । তবে ওয়েবসাইটের সুরক্ষায় আরো কিছু করা প্রয়োজন, তাও করা হবে", বলেন তিনি।
ওয়েবসাইটটি ঠিক কখন আক্রান্ত হয়েছে- তা সুনির্দিষ্ট করে বলতে পারেননি মহাপাত্র। তিনি বলেন, "সন্ধ্যা ৬টা পর্যন্ত আমরা ছবি আপলোড করেছি। কোনো সমস্যা ধরা পড়েনি। সম্ভবত ৬টা থেকে ১১টার মধ্যে এটি আক্রান্ত হয়।"
ওয়েবসাইটি আক্রান্ত হওয়ার পর হোমপেইজের প্রেস রিলিজ বিভাগে লেখা দেখা যায়- বাংলাদেশি হ্যাকাররা এই সাইটটি হ্যাক করেছে..... ভারত, সীমান্তে হত্যা বন্ধ করো। আমরা মানুষ, পাখি নই। বাংলাদেশের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা তোমাদের দায়িত্ব (This site has been hacked by Bangladeshi hacker..... India, Stop boarder killing. We are human, not bird. Its your responsibility to be friendly to Bangladesh.)।
ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সা¤প্রতিক সফরে তিস্তা চুক্তি না হওয়ার বিষয়েও প্রতিক্রিয়া দেখিয়েছিলো হ্যাকাররা।
হাইকমিশনের ওয়েবসাইটে তারা লেখে-শুনুন মমতা, ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকলে আপনি আমাদের ২৫% পানি দিতে চাইতেন না। বাংলাদেশে আসুন, নদীগুলো ঘুরে দেখুন। এখন আমাদের নদীর মধ্যে ধান চাষ করা হচ্ছে। আপনাদের রাজনীতির কারণে আমাদের নদীগুলো দিনে দিনে শুকিয়ে যাচ্ছে (And Listen MAMATA, if you would have some common sense then you would not want to give us 25 % water.Come Bangladesh and visit the rivers. Currently peoples are harvesting paddy in the river. Rivers are becoming dead day by day because of your Policies.)।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের আপত্তির কারণে শেষ মুহূর্তে তিস্তার পানি বণ্টন চুক্তি স্থগিত হয়ে যায়। ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংও এ বিষয়টিকে 'দুর্ভাগ্যজনক' হিসেবে উল্লেখ করেন।
হ্যাকাররা আরো লেখে- আমরা তোমাদের বন্ধু হতে চাই। এখন তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা বন্ধু হবে কি না। বাংলাদেশি হওয়ায় আমরা গর্বিত....( We want to be your friend. Its your decision if you want to be our friend. Proud to be Bangladeshi....)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/জেকে/এমআই/১১০০ ঘ.
bdnews24