ঢাকা, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্রিটিশ সেনারা ইরাকে বন্দি এক বেসামরিক নাগরিককে 'অন্যায় ও বর্বরোচিত নির্যাতনে' হত্যা করেছে- বলেছে ব্রিটেনের এক তদন্ত দল।
ব্রিটেনের সাবেক বিচারপতি উইলিয়াম গেইগের নেতৃত্বে একটি তদন্ত দল প্রায় তিন বছর অনুসন্ধান শেষে প্রতিবেদনে বলেছে, ২০০৩ সালে ইরাকে বন্দি হোটেল শ্রমিক বাহা মুসাকে (২৬) 'কাপুরুষোচিত' নির্যাতনের মাধ্যমে হত্যা করে ব্রিটিশ সেনারা।
ওই ঘটনা ব্রিটেনের সশস্ত্র বাহিনীকে 'কলঙ্কিত' করেছে বলেও মন্তব্য করে তদন্ত দল।
এছাড়া আরো নয় ইরাকি বন্দিকে ধারাবাহিকভাবে নির্যাতন বন্ধে ঊর্ধ্বতন কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ নেননি বলে ওই প্রতিবেদনে বলা হয়।
২০০৩ সালের ১৪ সেপ্টেম্বর ইরাকের দক্ষিণাঞ্চলীর শহর বসরায় একটি হোটেলে তল্লাশি চালিয়ে মুসাকে গ্রেপ্তার করে ব্রিটিশ সেনারা। বসরায় ব্রিটিশ সেনা ঘাঁটিতে আটকে রেখে ৩৬ ঘণ্টা ধরে বারংবার মুসাকে লাথি ও ঘুষি মারা হয়।
তদন্তে দেখা যায়, দুই সন্তানের জনক মুসার শরীরে ৯৩টি আঘাতের চিহ্ন রয়েছে। তার নাক ও পাজর ভাঙা ছিলো। কর্পোরাল ডোনাল্ড পেইনি নামের এক ব্রিটিশ সেনা সহকর্মীদের কাছে গর্ব করে বলে, মুসা ও অন্য বন্দিদের ধারাবাহিকভাবে পেটানো হয়েছে যাতে তারা সুর মিলিয়ে কাঁদে।
তদন্ত দলকে আরেক সেনা বলেন, গ্রেপ্তারের পরের সকালে বন্দিদের দেখে মনে হচ্ছিলো তারা গাড়ি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে।
এর আগে বাগদাদের আবু গারিব কারাগারে ইরাকি বন্দিদের ওপর মার্কিন সেনাদের নির্যাতনের চিত্র প্রকাশ পেলে বিশ্বব্যাপী তার বিরুদ্ধে প্রতিবাদের ঝড় ওঠে।
ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ তুলে ২০০৩ সালের ২০ মার্চ সেখানে অভিযান চালায় মার্কিন নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/পিডি/২১৪৩ ঘ.
bdnews24