২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ায় সরকারি বাহিনীর অভিযানে নিহত ২০

সিরিয়ায় সরকারি বাহিনীর দমনাভিযানে বুধবার হমস শহরে অন্ততপক্ষে ২০ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2011, 09:17 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

আম্মান, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)Ñ সিরিয়ায় সরকারি বাহিনীর দমনাভিযানে বুধবার হমস শহরে অন্ততপক্ষে ২০ জন নিহত হয়েছে। মানবাধিকার কর্মী ও স্থানীয় অধিবাসীরা জানান, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিরোধী বিক্ষোভ দমনে সরকারি বাহিনী ট্যাংকসহ হামলা চালালে নিহতের ওই ঘটনা ঘটে। এদিকে, আরব লিগের মহাসচিব শনিবার সিরিয়া সফরে যাবেন বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা টেলিফোনে রয়টার্সকে বলেন, "মাথার ওপর দিয়ে সামরিক হেলিকপ্টার উড়ে যাচ্ছে আর ছাদের ওপর থেকে গুলি চালাচ্ছে সেনারা। আমাদের দিকে ট্যাংক ও মেশিনগান থেকে বৃষ্টির মতো গুলি আসছে।" মানবাধিকার কর্মীরা জানায়, সিরীয় গণতন্ত্রকামীদের গ্রেপ্তার, বিক্ষোভ পরিচালনাকারী নেতাদের গুপ্ত হত্যাসহ বিক্ষোভ দমনে পদক্ষেপ বাড়িয়েছে আসাদ সরকার। ওদিকে সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ এ বিক্ষোভকে বিদেশি ষড়যন্ত্র বলে দাবি করছেন। সরকারি কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে এতে ৫শ' পুলিশ ও সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে। সেইসঙ্গে জনগণকে রক্ষা করার জন্য সেনা মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা এক বিবৃতিতে জানায়, "বুধবার হমসে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠীর হামলায় আট নিরাপত্তা সদস্য নিহত হয়েছে। এছাড়া বেসামরিক জনগণ ও নিরাপত্তা বাহিনী এবং সরকারি ও ব্যক্তি মালিকানাধীন সম্পত্তিতে হামলা চালিয়েছে।" প্রেসিডেন্ট আসাদের স্ত্রী আসমার জন্মশহর হমস রাজধানী দামেস্ক থেকে ১৬৫ কিলোমিটার উত্তরে অবস্থিত। ওদিকে আরব লিগ মহাসচিব নাবিল আল আরাবির বুধবার সিরিয়া সফর করার কথা ছিল। তবে আরব কূটনীতিকরা জানান, সিরিয়ার অনুরোধে এ সফর পিছিয়ে শনিবার পুনর্নির্ধারণ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৫১৪ ঘ.