ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিল্লি হাইকোর্টের বোমা হামলাকে "কাপুরুষোচিত' বলে নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।
মনমোহন বলেন, "এটা একটি দীর্ঘ লড়াই। সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হয়ে এদেরকে গুঁড়িয়ে দেওয়া উচিৎ...আমরা হার মানবো না।"
এদিকে, হামলার পরপরই বিভিন্ন সংবাদ মাধ্যমে ইমেইল পাঠিয়ে হামলার দায়িত্ব স্বীকার করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি)।
এতে বলা হয়েছে- ২০০১ সালের পার্লামেন্টে বোমাহামলার জন্য জঙ্গি আফজাল গুরুর মৃত্যুদণ্ড বাতিল না করা হলে এ ধরনের আরো হামলা হবে।
এমন সন্ত্রাসী হামলার আশঙ্কার তথ্য চলতি বছর জুলাইতেই দিল্লি পুলিশকে জানানো হয়েছিল বলে পার্লামেন্টে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বারাম।
বুধবার দিল্লি হাইকোর্টে বোমা হামলার পর লোকসভায় তিনি একথা জানান।
সেইসঙ্গে তিনি আরো বলেন, আজ (বুধবার) এই মুহূর্তে দিল্লি বোমা হামলায় দায়ীকে শনাক্ত করা সম্ভব নয়।
হাইকোর্টের ওই বোমা হামলায় অন্তত ১১ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছে।
দিল্লি পুলিশ কড়া সতর্কতায় থাকার পরও এ ধরনের 'মর্মান্তিক ঘটনা' ঘটায় দুঃখ প্রকাশ করেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
পি চিদাম্বারামের উদ্ধৃতি দিয়ে এনডিটিভি জানায়, "গোয়েন্দা সংস্থাগুলো প্রতিনিয়ত দিল্লি পুলিশকে গোয়েন্দা তথ্য জানিয়ে আসছে। একটি গ্র"পের কাছ থেকে সন্ত্রাসী হামলার হুমকি সম্পর্কে ২০১১ সালের জুলাই মাসে দিল্লি পুলিশকে জানিয়েছে গোয়েন্দারা।"
কয়েকটি সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানায়, দিল্লি হাইকোর্টের কোনো গেইটেই সিসিটিভি নেই। মে মাসের হামলার পর নিরাপত্তার ঘাটতির বিষয়টিতে আলোকপাত করার পরও এ সিসি ক্যামেরা বসানো হয়নি। মে মাসে হাইকোর্টের পার্কিংয়ে একটি বোমা হামলা হলেও তাতে কেউ হতাহত হয়নি।
বুধবারের এ হামলা চালানো হয় হাইকোর্টের পাঁচ নম্বর গেইটের একটি কাউন্টারে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগমুহূর্তে এ বিস্ফোরণ ঘটে। তখন অনেকেই হাইকোর্টে ঢুকছিলো।
দেশটির বিশেষ পুলিশ বাহিনীর কমিশনার ধর্মেন্দ্র কুমার সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের প্রধান ফটকের অভ্যর্থনা কেন্দ্রের কাছে একটি ব্রিফকেসে বোমাটি ছিলো।"
ওই অভ্যর্থনা কেন্দ্র থেকেই হাইকোর্টে ঢোকার পাস নিতে হয়।
গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) হামলার তদন্ত শুরু করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৮০৯ ঘ.
bdnews24