ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত জেনারেল ডেভিড পেট্রেয়াস যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র নতুন প্রধান হিসেবে শপথ নিয়েছেন।
হোয়াইট হাউজে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন তাকে শপথবাক্য পাঠ করান। শপথ গ্রহণ করেই তিনি সোজা প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার প্রথম গোয়েন্দা বিবরণী নিয়ে হাজির হন।
"নষ্ট করার মতো কোন সময় নেই। যত দ্রুত সম্ভব তাকে কাজ শুরু করতে বলেছেন প্রেসিডেন্ট," হোয়াইট হাউজে উপস্থিত সাংবাদিকদের জানান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন।
সাবেক চার তারকা জেনারেল পেট্রেয়াস আলাদাভাবে ইরাকে ও আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এমন এক সময় তিনি সিআইএ'র প্রধান হিসেবে দায়িত্ব নিলেন যখন ইসলামি জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াইরত পৃথক সংস্থা হিসেবে মার্কিন সামরিক বাহিনী ও সিআইএ'র সীমারেখা ক্রমেই অস্পষ্ট হয়ে উঠছে।
ওবামার সাথে সাক্ষাতের পর পেট্রেয়াস ভার্জিনিয়ার ল্যাঙ্গলেতে সিআইএ'র সদর দপ্তরে যান। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানায়, সেখানে তিনি সিআইএ-তে কর্মরতদের উদ্দেশ্যে ভাষণ দেন ও তার 'গোয়েন্দা দর্শন' তুলে ধরেন।
পেট্রেয়াসের আগে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী লিওন পানেট্টা সিআইএ'র প্রধান ছিলেন। তার ছেড়ে যাওয়া পদেই স্থলাভিষিক্ত হলেন ৫৮ বছর বয়সী সাবেক এই জেনারেল।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবনে পেট্রেয়াস বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থেকে দায়িত্ব পালন করেছেন।
তিনি ২০০৪ সালের জুন থেকে ২০০৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইরাকে বহুজাতিক বাহিনীর প্রধানসহ বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০১০ সালের জুন থেকে ২০১১ সালের জুলাই পর্যন্ত আফগানিস্তানে মার্কিন বাহিনীর প্রধান ও সম্মিলিত বহুজাতিক বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এবি/সিআর/১৪০৮ ঘ.
bdnews24