২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি হাইকোর্টে বিস্ফোরণে নিহত ১০

এক বছরের মধ্যে দ্বিতীয়বার বোমা হামলা হলো নয়া দিল্লি হাইকোর্টে। এতে ১০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 03:55 PM

নয়া দিল্লি, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক বছরের মধ্যে দ্বিতীয়বার বোমা হামলা হলো নয়া দিল্লি হাইকোর্টে। এতে ১০ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছে। হাইকোর্টের একটি ফটকে বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে একটি ব্রিফকেসে থাকা এ বোমার বিস্ফোরণ ঘটে। তবে সংবাদমাধ্যমগুলো ১০ জন নিহতের খবর জানালেও এতে এখনো পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব আর কে সিং। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরের মধ্যেই এ বোমাহামলা হলো। বিস্ফোরণের পর লোকসভার অধিবেশন মুলতবি হয়ে যায়। এ বিস্ফোরণে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনীর সন্দেহের তীর জঙ্গি সংগঠন ভারতীয় মুজাহিদিনের দিকেই। গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) হামলার তদন্ত শুরু করেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগমুহূর্তে ৫ নম্বর ফটকে বিস্ফোরণ ঘটে। তখন হাইকোর্টে অনেকেই ঢুকছিলো। দেশটির বিশেষ পুলিশ বাহিনীর কমিশনার ধর্মেন্দ্র কুমার সাংবাদিকদের বলেন, "হাইকোর্টের প্রধান ফটকের অভ্যর্থনা কেন্দ্রের কাছে একটি ব্রিফকেসে বোমাটি ছিলো।" ওই অভ্যর্থনা কেন্দ্র থেকেই হাইকোর্টে ঢোকার পাস নিতে হয়। কীর্তি উপল নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, "বিকট শব্দে বিস্ফোরণটি ঘটে। এতে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা বেশ কয়েকজন গুরুতর আহতকে হাসপাতালে নিয়ে গেছি।" হাইকোর্টের বাইরে অবস্থানকারী এক আইনজীবী বলেন, তিনি গাড়ি পার্কিং করার সময় হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনতে পান। আর তার ঠিক পরপরই চারপাশ ধোঁয়ায় ভরে যায়। নাম না জানা ওই আইনজীবী বলেন, "হাইকোর্টের ফটক দিয়ে অসংখ্য মানুষ হুড়োহুড়ি করে বেরুতে থাকে। আমি রাস্তায় রক্ত দেখতে পাই। দেখতে পাই মানুষের শরীরের খণ্ডাংশ ছড়িয়ে আছে।" বোমার পটাশিয়াম নাইট্রেট ব্যবহার হয়েছে বলে দিল্লি পুলিশ জানিয়েছে। বোমা হামলার এই ঘটনায় কারা জড়িত সে সম্পর্কে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ। তবে সন্দেহের তীর জঙ্গি সংগঠন ভারতীয় মুজাহিদিনের দিকেও তাক করা থাকবে বলে ধারণা করা হচ্ছে। কেননা অতীতে দেশটির বিভিন্ন বোমা হামলায় ওই সংগঠনটি জড়িত বলে অনুমান করা হয়। এনআইএ পরিচালক প্রকাশ মিশ্র বলেছেন, তাদের একটি তদন্ত দল ঘটনাস্থলে কাজ শুরু করেছে। অন্য একটি দলও যাচ্ছে। বিস্ফোরণের সময় লোকসভার অধিবেশন চলছিলো। খবর পেয়ে অধিবেশন মুলতবি হয়। লোকসভার স্পিকার মীরা কুমার এ হামলার নিন্দা জানিয়েছেন। হাইকোর্টের এ বিস্ফোরণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় পার্লামেন্টে বিবৃতি দেবেন বলে জানানো হয়েছে। এর আগে চলতি বছরের জুনে দিল্লি হাইকোর্টের বাইরে একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। চলতি বছরের ২৬ জুলাই দেশটির বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে তিন দফা বোমা বিস্ফোরণে ২৬ জনের প্রাণহানি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/এমআই/১৩১০ ঘ.