জেরুজালেম, সেপ্টেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গাজা অভিমুখী তুর্কি জাহাজে হামলার জন্য ক্ষমা চাইবেন না বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
ইসরায়েলের সঙ্গে তুরস্কের টালমাটাল কূটনৈতিক সম্পর্ক বিরাজ করলেও রোববার একথা বলে আবারো নিজের অবস্থান পরিষ্কার করলেন নেতানিয়াহু।
গাজা অভিমুখী জাহাজে ইসরায়েলি হামলায় ৯ তুর্কি নিহত হয়।
২০১০ সালের মে মাসের ওই ঘটনায় জাতিসংঘ প্রতিবেদনের পরও ইসরায়েল ক্ষমা না চাওয়ায় শুক্রবার ইহুদি রাষ্ট্রটির সাথে সব ধরনের সামরিক চুক্তি স্থগিত, ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিস্কারসহ আইনি নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে তুরস্ক।
সেইসঙ্গে গাজা থেকে ইসরায়েলি অবরোধ তুলে নেয়া ও ওই হামলায় নিহতদের ক্ষতিপূরণ দেয়ার দাবি জানিয়েছে দেশটি।
জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়, গাজা অভিমুখী তুর্কি জাহাজ মাভি মারমারায় ইসরায়েল অন্যায়ভাবে শক্তিপ্রয়োগ করেছে।
অবশ্য জাহাজে আরোহী ফিলিস্তিনপন্থি কর্মীরা সংগঠিত ও সহিংস প্রতিরোধ করেছে বলেও অভিযোগ করা হয় প্রতিবেদনে।
শুক্রবার প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দেয়া বিবৃতির পুনরাবৃত্তি করে সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠকে নেতানিয়াহু বলেন, "নৌ কমান্ডোরা সহিংস মানবাধিকারকর্মীদের হাত থেকে নিজেদের রক্ষার জন্য হামলা চালিয়েছে। এর জন্য আমাদের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই।"
তিনি আরো বলেন, "তুরস্কের সঙ্গে এ বিরোধিতা কাটিয়ে ওঠার একটি রাস্তা খুঁজে পাবো বলেই আমি প্রত্যাশা করছি। ইসরায়েল কখনোই তুরস্কের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চায় নি এবং এখনও তা করতে চায় না।"
ইসরায়েলের ওই অভিযান নিয়ে দীর্ঘ-প্রতীক্ষিত চার সদস্য বিশিষ্ট জাতিসংঘ প্যানেলের প্রতিবেদন প্রকাশ পায় বৃহস্পতিবার। এতে বলা হয়, গাজায় ইসরায়েলের নৌ অবরোধ আইনসম্মত। কিন্তু তারা ত্রাণবহরে অযৌক্তিকভাবে মাত্রাতিরিক্ত সামরিক শক্তি প্রয়োগ করেছে।
জাহাজে আরোহী ত্রাণকর্মীদের হত্যায় দায়ী ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করার হুমকি দিয়েছে তুরস্ক। সেইসঙ্গে আন্তর্জাতিক অপরাধ আদালতে তদন্তের জন্যও আবেদন করবে বলে জানিয়েছে তারা।
এর পরিপ্রেক্ষিতে নেতানিয়াহু বলেন, "আমি নৌ বাহিনীর কমান্ডোর বলতে চাই, আপনারা এবং ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগের অন্য সৈন্যরা যেভাবে আমাদেরকে রক্ষা করছেন। সর্বত্র, সব ধরনের ফোরামে আমরাও আপনাদের রক্ষা করবো।"
তিনি আরো বলেন, "আমি আবারও বলছি, হামলায় নিহতদের জন্য ইসরায়েল দুঃখ প্রকাশ করছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫৪৭ ঘ.
bdnews24