২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিলিস্তিনকে জাতিসংঘে যাওয়া ঠেকাতে 'তৎপর' যুক্তরাষ্ট্র

রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জাতিসংঘে যাওয়া থেকে ফিলিস্তিনকে বিরত রাখতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2011, 11:58 AM

Updated : 24 Aug 2022, 03:53 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে জাতিসংঘে যাওয়া থেকে ফিলিস্তিনকে বিরত রাখতে চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার 'নিউ ইয়র্ক টাইমস'র এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনের ওই দাবি উত্থাপন না করার জন্য দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে রাজি করানোর চেষ্টা করছে ওবামা প্রশাসন। এ জন্য ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনের শান্তি আলোচনা পুনরায় শুরু করার ব্যাপারে ওয়াশিংটনের পক্ষ থেকে একটি প্রস্তাব তুলে ধরা হয়েছে। টাইমস জানায়, ওবামা প্রশাসনের পক্ষ থেকে আব্বাসকে বলা হয়েছে, ফিলিস্তিনকে জাতিসংঘের সদস্য পদ দেওয়া সংক্রান্ত কোনো প্রস্তাব নিরাপত্তা পরিষদে তোলা হলে তার বিরুদ্ধে ভেটো ক্ষমতা প্রয়োগ করবে যুক্তরাষ্ট্র। শুধু নিরাপত্তা পরিষদেই বিরোধিতার হুমকি নয়, সাধারণ পরিষদেও ফিলিস্তিনকে ভোটাধিকারহীন পর্যবেক্ষক 'দল' থেকে ভোটাধিকারহীন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দেওয়ার ওপর ভোটাভুটি এড়াতে চাইছে যুক্তরাষ্ট্র। সেখানে যুক্তরাষ্ট্র ও তার গুটিকয়েক মিত্র দেশ ছাড়া বেশিরভাগ দেশই ফিলিস্তিনকে সমর্থন করবে বলে টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়। জাতিসংঘে ভোটাধিকারহীন পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেলে ফিলিস্তিন ওই সংস্থার বিভিন্ন পরিষদ ও কমিটিতে যোগ দিতে পারবে। ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতেও যাওয়ার ক্ষমতা লাভ করবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। নাম প্রকাশ না করে ওবামা প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, "বিকল্প কিছু তুলে ধরতে পারলে আপনি যখন-তখন পরিস্থিতি ও ঘটনা প্রবাহ পাল্টে দিতে পারেন। আর আমরা সে কাজটিই করার চেষ্টা চালাচ্ছি।" ইসরায়েলের সঙ্গে শান্তি আলোচনা বন্ধ হওয়ায় জাতিসংঘের পূর্ণ সদস্যপদ লাভের জন্য সাধারণ পরিষদেও পরবর্তী অধিবেশনে এ সংক্রান্ত প্রস্তাব তোলার সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিন। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে গাজা ও পশ্চিম তীর নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত বলে তাদের দাবি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/১৭৫২ ঘ.